প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ১০:২৯ এ এম
অনলাইন সংস্করণ
২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে। এ পরীক্ষায় অংশ নিতে অনলাইনে ফরম পূরণ কার্যক্রম শুরু হয়েছে আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর)। শিক্ষার্থীরা আগামী ৯ নভেম্বর পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন। পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ সময় ১০ নভেম্বর।
বুধবার (৪ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কারা অংশ নিতে পারবেন?
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত বা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে সর্বোচ্চ দুই বিষয়ে (চতুর্থ বিষয় ব্যতীত) অকৃতকার্য শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে পারবেন।
যেভাবে ফরম পূরণ করবেন
সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে পরীক্ষার্থীদের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
প্রথমে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd) থেকে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ অনলাইনে পরীক্ষার্থীদের সম্ভাব্য তালিকা প্রদর্শন করবে। এরপর তালিকা থেকে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের তথ্য যাচাই করতে হবে।
যাচাই শেষে নির্বাচিত পরীক্ষার্থীদের তালিকা প্রিন্ট করে তাতে পরীক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের স্বাক্ষর নিতে হবে। এরপর অনলাইনে ইলেকট্রনিক ফরম ফিলআপ (eFF) প্রক্রিয়ায় ফরম পূরণ সম্পন্ন করতে হবে।
সবশেষে নির্ধারিত সময়ের মধ্যে সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।
ফরম পূরণ ও ফি জমার সময়সূচি
অনলাইনে সম্ভাব্য তালিকা প্রদর্শন ও ফরম পূরণ কার্যক্রম চলবে ৫ থেকে ৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত। অন্যদিকে, সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ ১০ নভেম্বর।
পরীক্ষার ফি কত?
ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, তত্ত্বীয় প্রতি পত্র বা বিষয়ের জন্য ১২৫ টাকা এবং ব্যবহারিক প্রতি পত্র বা বিষয়ের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া পরীক্ষা কেন্দ্র ফি ৪৫০ টাকা।
যেভাবে জমা দিতে হবে ফি
পরীক্ষার যাবতীয় ফি বোর্ডের সচিবের অনুকূলে সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে সোনালী সেবার মাধ্যমে জমা দিতে হবে। নগদ টাকা, পে-অর্ডার, পোস্টাল অর্ডার, মানি অর্ডার কিংবা ট্রেজারি চালানের মাধ্যমে ফি জমা দেওয়ার সুযোগ নেই।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের পর কোনো অবস্থাতেই পরীক্ষার ফি ও অন্যান্য কাগজপত্র গ্রহণ করা হবে না। তাই সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ ও ফি জমার কাজ সম্পন্ন করতে হবে।
মন্তব্য করুন