তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৩:৪৯ পিএম

অনলাইন সংস্করণ

শেখ হাসিনাকে পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত

শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, পলাতক ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তাঁকে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে হবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানানোর পর গণমাধ্যমকে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির বলেন, “দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির আওতেই তাকে (শেখ হাসিনা) দিল্লি থেকে দেশে ফিরিয়ে আনতে হবে।”

এ সময় চীন, বাংলাদেশ ও মিয়ানমারকে নিয়ে পরিকল্পিত ত্রিপক্ষীয় করিডোর বাস্তবায়িত হলে পুরো অঞ্চলটি একটি প্রধান বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হবে বলেও মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এই আঞ্চলিক করিডরে যুক্ত হতে ঢাকার যথেষ্ট আগ্রহ রয়েছে। তবে এ উদ্যোগ বাস্তবায়নের আগে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান প্রয়োজন।

লিউ হাইশিংয়ের সফরের মধ্য দিয়ে আগামী দিনে চীন ও বাংলাদেশের দ্বিপক্ষীয় ও কৌশলগত সম্পর্ক আরও গভীর ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন হুমায়ুন কবির।

 

মন্তব্য করুন