প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৩:৫১ পিএম
অনলাইন সংস্করণ
জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ঘিরে সংসদ ভবন ও আশপাশের এলাকায় অস্ত্রশস্ত্র বহন, সভা-সমাবেশ ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগর পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা আগামী ৮ নভেম্বর রোববার রাত ১২টা থেকে সংসদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে।
নিষেধাজ্ঞার আওতায় জাতীয় সংসদ ভবন ও আশপাশের নির্দিষ্ট কয়েকটি এলাকা রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত এলাকা।
এ ছাড়া বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট এবং মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নম্বর সড়কের সংযোগস্থল পর্যন্ত এলাকা নিষেধাজ্ঞার আওতায় থাকবে।
রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন নবম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণি পর্যটন ক্রসিং পর্যন্ত এলাকাও এর অন্তর্ভুক্ত। পাশাপাশি ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এসব সীমানার মধ্যে থাকা সব রাস্তা ও গলিতে নিষেধাজ্ঞা কার্যকর হবে।
নিষেধাজ্ঞা অনুযায়ী, এসব এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক ও ক্ষতিকারক পদার্থ বহন করা যাবে না। একই সঙ্গে সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শনও নিষিদ্ধ থাকবে।
মন্তব্য করুন