প্রকাশিত: ৭ অক্টোবার, ২০২৬, ১২:৫১ পিএম
অনলাইন সংস্করণ
আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে শেষ ম্যাচে মাঠে নামার আগে বিশেষ সম্মানে ভূষিত হলেন লিওনেল মেসি। ঐতিহ্যবাহী আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট তাকে সম্মানসূচক সদস্য ঘোষণা করেছে।
মনুমেন্টাল স্টেডিয়ামে রিভার প্লেটের প্রেসিডেন্ট স্তেফানো দি কার্লো নিজ হাতে মেসির কাছে তুলে দেন সম্মানসূচক সদস্যপদ কার্ড। একই সঙ্গে তার হাতে দেওয়া হয় একটি স্মারক ফলক ও বিশেষ একটি জার্সি।
এর আগে বুয়েনস আয়ার্স বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট গ্রহণ করেন মেসি। সেখান থেকে তিনি মনুমেন্টাল স্টেডিয়ামে যান এবং ক্লাবটির প্রেসিডেন্টের কাছ থেকে এই বিশেষ সম্মান গ্রহণ করেন।
রিভার প্লেট সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিকে সম্মান জানানোর বিষয়টি প্রকাশ করে। ক্লাবের পক্ষ থেকে বলা হয়, ঐতিহাসিক এই দিনে সভাপতি স্তেফানো দি কার্লোর সঙ্গে থাকা মেসিকে এমন একটি সদস্যপদ কার্ড দেওয়া হয়েছে, যার মাধ্যমে তাকে ক্লাবের সম্মানসূচক সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। পাশাপাশি দেওয়া হয়েছে স্মারক ফলক ও তার নাম লেখা বিশেষ জার্সি।
মেসিকে ধন্যবাদ জানিয়ে ক্লাবটি বলেছে, ‘ফুটবলের জন্য ধন্যবাদ, লিওনেল মেসি।’ সম্মাননাটি শুধু আনুষ্ঠানিক সদস্যপদ দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল না; এর মাধ্যমে জাতীয় দলের হয়ে মেসির দীর্ঘ সাফল্য ও মনুমেন্টাল স্টেডিয়ামের সঙ্গে তার বিশেষ সম্পর্কও তুলে ধরা হয়েছে।
রিভার প্লেটের দেওয়া সদস্যপদ কার্ডেও রাখা হয়েছে বিশেষত্ব। সাধারণ সদস্যপদ কার্ডে যে নম্বর থাকার কথা, সেখানে মেসির কার্ডে লেখা হয়েছে ‘ARG18122022’। ২০২২ সালের ১৮ ডিসেম্বর কাতারে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের স্মৃতি ধরে রাখতেই এই কোড ব্যবহার করা হয়েছে।
রিভার প্লেট ও মেসির সম্পর্ক অবশ্য নতুন নয়। ২০০০ সালে, মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনায় যাওয়ার আগে মেসি ক্লাবটির হয়ে খেলার খুব কাছাকাছি চলে গিয়েছিলেন। ২০১৯ সালে ফক্স স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই সময়ের কথা স্মরণ করেছিলেন তিনি।
মনুমেন্টাল স্টেডিয়ামের সঙ্গেও মেসির রয়েছে দীর্ঘ স্মৃতি। এই মাঠে বিশ্বকাপ বাছাইপর্ব ও প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে খেলেছেন তিনি। এখানেই জাতীয় দলের হয়ে জেতা চারটি শিরোপা উদ্যাপনের স্মৃতিও রয়েছে তার।
বেনিনের বিপক্ষে ম্যাচের আগে মনুমেন্টালে আর্জেন্টিনার হয়ে খেলা আগের ২৮ ম্যাচে অপরাজিত ছিলেন মেসি। ফলে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচের জন্য এই স্টেডিয়াম বেছে নেওয়ার সঙ্গে তার মাঠটির বিশেষ সম্পর্কও নতুন মাত্রা পেয়েছে।
রিভার প্লেটের কাছ থেকে সম্মানসূচক সদস্যপদ, বিশ্বকাপ জয়ের স্মৃতি বহনকারী বিশেষ কার্ড, স্মারক ফলক ও নাম লেখা জার্সি—সব মিলিয়ে জাতীয় দলের হয়ে মেসির শেষ ম্যাচের আগে মোনুমেন্টালে তৈরি হয় আবেগঘন এক মুহূর্ত।
মন্তব্য করুন