শাহাদাত হোসাইন

প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২৬, ০৯:০৭ এ এম

অনলাইন সংস্করণ

ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ

লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত থাকলে যুদ্ধবিরতি ছাড়ার হুঁশিয়ারি ইরানের

লেবাননজুড়ে ইসরাইলের ব্যাপক হামলা। ছবি: সংগৃহীত

লেবাননজুড়ে ইসরাইলের অব্যাহত হামলার মধ্যে ঘোষিত দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি চুক্তি থেকে সরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরানের আধাসরকারি বার্তা সংস্থা তাসনিমকে দেওয়া সাক্ষাৎকারে একজন উচ্চপদস্থ সূত্র বলেন, ইসরাইল যদি অবিলম্বে সামরিক অভিযান বন্ধ না করে, তবে ইরান চুক্তি আর মানবে না।

ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত এই যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননের ‘ইসলামি প্রতিরোধ যোদ্ধাদের’ বিরুদ্ধে লড়াই বন্ধ রাখার কথা ছিল। কিন্তু বুধবার সকাল থেকেই ইসরাইল লেবাননের বিভিন্ন স্থানে একের পর এক ‘বর্বরোচিত’ হামলা চালিয়ে চুক্তি লঙ্ঘন করেছে। তেহরান বলছে, পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে এবং আগ্রাসন অব্যাহত থাকলে তারা আনুষ্ঠানিকভাবে চুক্তি বাতিলের ঘোষণা দিতে পারে।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, বুধবার মাত্র ১০ মিনিটের ব্যবধানে বৈরুত, বেকা উপত্যকা ও দক্ষিণ লেবাননের ১০০টিরও বেশি স্থানে সমন্বিত বিমান হামলা চালানো হয়—যা চলমান অভিযানের মধ্যে সবচেয়ে বড় আক্রমণ।

গত ২ মার্চ হিজবুল্লাহর আন্তঃসীমান্ত হামলার পর থেকেই ইসরাইল লেবাননে অভিযান বাড়িয়েছে। এর আগে ২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতি কার্যকর হলেও তা টেকসই হয়নি।

লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ১,৫৩০ জন নিহত ও ৪,৮১২ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও উদ্ধারকাজ চলছে।

ইসরাইলি আগ্রাসন বন্ধ না হলে চুক্তি ছাড়ার ইরানের হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে নতুন করে অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে, যা দুই সপ্তাহের স্বল্পমেয়াদি শান্তি প্রক্রিয়াকে বড় ধরনের হুমকিতে ফেলেছে।

মন্তব্য করুন