তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১৪ ঘন্টা আগে, ০৩:৫৪ পিএম

অনলাইন সংস্করণ

ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন কর্মসূচিতে যুক্ত হতে চায় সরকার

আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন কর্মসূচিতে সরকার যুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ কর্মসূচি নিয়ে দুটি কর্মদল কাজ করছে এবং জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে তাদের কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

রোববার কক্সবাজারে অর্থ মন্ত্রণালয় ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আয়োজনে আন্তর্জাতিক ঋণ সম্মেলনের প্রথম দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, ‘আইএমএফের প্রোগ্রাম নিয়ে দুটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। আশা করছি তাদের কাজ জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে।’

অর্থমন্ত্রী আরও বলেন, ‘এ সময়ের মধ্যে এগুলো শেষ হয়ে যাবে। এভ্রিথিং উইল বি অন।’

আইএমএফের কর্মসূচি থেকে সরকার পিছিয়ে যাওয়ার কারণ প্রসঙ্গে আমির খসরু বলেন, ‘শর্তের কারণে আইএমএফের প্রোগ্রাম থেকে পিছিয়ে গেছি তা নয়। আগের প্রোগ্রাম বিগত ফ্যাসিস্ট রেজিমের সময় আইএমএফের যে প্রোগ্রাম হয়েছে, সেখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো নির্বাচিত সরকারের জন্য সে কাজগুলো করা সম্ভব না।’

তিনি বলেন, ‘সময়ের প্রয়োজন আছে। রাতারাতি করতে গেলে এমন কিছু সিদ্ধান্ত নিতে হবে যেটার জন্য জনগণকে ভুগতে হবে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন।’

বিশ্ব অর্থনীতির পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের অর্থনৈতিক কাঠামো সাজানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘বিশ্বে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে। এটা মাথায় রেখে অর্থনৈতিক ফ্রেমওয়ার্ক অ্যালাইন করতে হবে। পঞ্চবার্ষিকী উন্নয়ন প্রোগ্রামের সঙ্গে সবাই অ্যালাইন হচ্ছে। বিশ্বব্যাংক হচ্ছে, এডিবি হয়েছে, জাইকা হচ্ছে। সব অংশীদার আমাদের প্রোগ্রামের সঙ্গে অ্যালাইন না হলে কাজগুলো আমরা করতে পারব না এবং আইএমএফও অ্যালাইন হচ্ছে।’

 

মন্তব্য করুন