প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:১৫ এ এম
অনলাইন সংস্করণ
ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েল প্রেম ও বিয়ে নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন। ব্যক্তিজীবন আড়ালে রাখতে পছন্দ করা এই অভিনেত্রী বলেছেন, প্রেম গোপনে রাখতেই তাঁর ভালো লাগে। তবে বিয়ের সিদ্ধান্ত নিলে তা সবাইকে জানাবেন।
সম্প্রতি অবকাশযাপনে মালদ্বীপে গিয়েছিলেন কেয়া পায়েল। সেখানে এক যুবকের সঙ্গে একটি অভিজাত রেস্তোরাঁয় সময় কাটাতে দেখা যায় তাঁকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দুজনকে পাশাপাশি বসে খাবার খেতে দেখা যায়। একপর্যায়ে ওই যুবককে নিজের হাতে খাবারও খাইয়ে দেন অভিনেত্রী।
ভিডিওটি প্রকাশ্যে আসার পর কেয়া পায়েলের নতুন প্রেমের সম্পর্ক নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়। এর মধ্যে নিজের একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে তিনি লেখেন, ‘প্রথম ভালোবাসা কি ভোলা যায়?’ তাঁর এই ইঙ্গিতপূর্ণ মন্তব্যে প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়।
তবে ওই যুবকের পরিচয় কিংবা তাঁর সঙ্গে নিজের সম্পর্কের বিষয়ে এখনো প্রকাশ্যে কিছু জানাননি কেয়া পায়েল। সম্প্রতি প্রেম ও বিয়ে নিয়ে কথা বলতে গিয়ে ব্যক্তিগত জীবন আড়ালে রাখার পক্ষে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।
কেয়া পায়েল বলেন, ‘প্রেম জিনিসটা গোপনে সুন্দর। এটা বলে ফেললে আসলে সৌন্দর্যটা থাকে না। প্রেম ভালো লাগে গোপনে, কেউ জানল না, লুকোচুরি প্রেম। নিজেরা নিজেরা প্রেম করছি।’
বিয়ে নিয়ে নিজের পরিকল্পনার কথাও জানিয়েছেন এই অভিনেত্রী। তাঁর ভাষ্য, বিয়ের সিদ্ধান্ত নিলে তা আর গোপন রাখবেন না। তবে প্রেমের সম্পর্ক নিয়ে এখনই প্রকাশ্যে কিছু বলতে চান না তিনি।
কেয়া বলেন, ‘যখন বিয়ে করব, তখন সবাই জানবে যে, হ্যাঁ, আমি বিয়ে করছি। এখন সারা জীবন শুধু ওই থাকবে লাইফে। প্রেম তো ভেঙেও যেতে পারে, বলা যায় না।’
অভিনেত্রীর এমন বক্তব্যের পর তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ আরও বেড়েছে। মালদ্বীপের ওই যুবক তাঁর জীবনের নতুন কেউ, নাকি তাঁদের মধ্যে রয়েছে বন্ধুত্বের সম্পর্ক—তা এখনো স্পষ্ট নয়।
মন্তব্য করুন