তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ০৩:৪১ পিএম

অনলাইন সংস্করণ

তাহসিফ হত্যা মামলায় দিশার আরও সাত দিনের রিমান্ড আবেদন

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কেএম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় সন্দেহভাজন আসামি জেরিকা তাসনীম দিশাকে (১৯) জিজ্ঞাসাবাদের জন্য আরও সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন ঢাকার আদালতে এ আবেদন করেন।

এর আগে গত ১ নভেম্বর দিশাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই রিমান্ড শেষে মঙ্গলবার তাকে আবারও আদালতে হাজির করা হয়। এরপর তদন্ত কর্মকর্তা নতুন করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের ডাকে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তাহসিফ। পরদিন বিকালে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

এ ঘটনায় তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে উত্তরখান থানায় হত্যা মামলা করেন। পরে এ মামলায় দীপ ও দিশাকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়।

 

মন্তব্য করুন