বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ০৪:০৯ পিএম

অনলাইন সংস্করণ

তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত

অভিনেত্রী তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা অভিনেত্রীকে জানানো হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) রাতে নিজেদের ফেসবুক পেজে প্রকাশিত এক চিঠিতে সদস্যপদ স্থগিতের সিদ্ধান্তের বিষয়টি জানায় সংগঠনটি। তবে তিশাকে পাঠানো চিঠিটির তারিখ ৪ অক্টোবর। এতে স্বাক্ষর করেছেন অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু এবং সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মিঠু।

চিঠিতে বলা হয়, গত ৭ জুলাই তানজিন তিশাকে সদস্যপদ স্থগিতের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছিল সংগঠনটি। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে ওই নোটিশের কোনো লিখিত জবাব সংগঠনের কার্যালয়ে জমা দেননি অভিনেত্রী।

চিঠিতে আরও জানানো হয়, বিষয়টি নিয়ে সালিশ ও বিরোধ নিষ্পত্তি বৈঠকে আলোচনা হয়। সেখানে নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের কার্যনির্বাহী পরিষদের নিয়মিত সভায় তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এরই ধারাবাহিকতায় আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে অভিনেত্রীকে সিদ্ধান্তের বিষয়টি অবহিত করেছে সংগঠনটি।

 

মন্তব্য করুন