প্রকাশিত: ১৩ ঘন্টা আগে, ০৩:৫২ পিএম
অনলাইন সংস্করণ
গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। দুপুর দেড়টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের সঙ্গে কাজ করছে সেনাবাহিনীর দমকলকর্মী, বিজিবি ও গাজীপুর সিটি করপোরেশন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন বেক্সিমকো রোডে অবস্থিত কারখানাটির দ্বিতীয় ইউনিটের চারতলা ভবনের চতুর্থ তলায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ওষুধ তৈরির কাঁচামালে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। পরে ঢাকার উত্তরা ও কুর্মিটোলা এবং গাজীপুরের আরও ১৬টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।
আগুনে ফায়ার সার্ভিসের একজনসহ মোট ১০ জন আহত হয়েছেন। তাঁদের টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
আহতদের মধ্যে কারখানার শ্রমিক সাদেক হোসেনের (৩৮) নাম জানা গেছে। তাঁকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। অপর আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে কারখানার শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এ সময় হুড়োহুড়ি করে বের হতে গিয়ে দুজন আহত হন বলে জানা গেছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহীন আলম দুপুর দেড়টার দিকে যুগান্তরকে বলেন, ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সকাল ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ও গাজীপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। আগুনের লেলিহান শিখা অত্যন্ত তীব্র হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ড্রাগ ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বাদল বলেন, কারখানার নিজস্ব ব্যবস্থায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও আগুনের তীব্রতার কারণে পরিস্থিতি সামাল দিতে ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট বাহিনীর সহায়তা নেওয়া হয়েছে।
মন্তব্য করুন