প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬, ০৯:২৪ এ এম
অনলাইন সংস্করণ
যুদ্ধবিরতি ও ভবিষ্যৎ শান্তি আলোচনার উদ্দেশ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল আজ শনিবার ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৈঠকে বসছে। বৈঠকটি সেরেনা হোটেলে অনুষ্ঠিত হবে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের নেতৃত্বে ইরানি প্রতিনিধিদল শনিবার সকালে প্রথমে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর যদি যুক্তরাষ্ট্র ইরানের শর্তগুলো মেনে নেয়, তাহলে বিকেলে সেরেনা হোটেলে দুই পক্ষের মূল আলোচনা শুরু হবে।
ইরানি প্রতিনিধিদলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং কয়েকজন আইনপ্রণেতা।
ইসলামাবাদে পৌঁছানোর পর প্রতিনিধিদলকে স্বাগত জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সও এই উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নিতে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন। যাত্রার আগে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলে কূটনৈতিক মিশন নিয়ে আশাবাদ প্রকাশ করেন।
পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে অনুষ্ঠিতব্য এই বৈঠক মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা ও দীর্ঘস্থায়ী শান্তির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্বের রাজনৈতিক মহল এখন এই আলোচনার দিকে সতর্ক দৃষ্টি রেখেছে।
মন্তব্য করুন