বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৩:৪৩ পিএম

অনলাইন সংস্করণ

অস্বস্তি হলে ‘না’ বলার অধিকার আছে, অন্তরঙ্গ দৃশ্য নিয়ে ইনিয়া

সিনেমায় অন্তরঙ্গ দৃশ্য, চুম্বন কিংবা খোলামেলা পোশাকে অভিনয়ের ক্ষেত্রে শিল্পীর সম্মতি ও ব্যক্তিগত সীমারেখাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী ইনিয়া। তাঁর মতে, কোনো অভিনয়শিল্পী সম্মতি না দিলে তাঁকে জোর করে কোনো দৃশ্যে অভিনয় করানো যায় না। তবে কোনো বিষয়ে অস্বস্তি থাকলে শুটিংয়ের আগেই তা নির্মাতাদের জানানো উচিত।

সম্প্রতি ‘মুভি ওয়ার্ল্ড মিডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ইনিয়া। তাঁর মতে, অন্তরঙ্গ দৃশ্য, শোবার ঘরের দৃশ্য, চুম্বন কিংবা আলিঙ্গনের মতো দৃশ্যে অভিনয় করতে অস্বস্তি থাকলে শুরুতেই তা স্পষ্ট করা প্রয়োজন। একইভাবে খোলামেলা পোশাক পরতে আপত্তি থাকলেও নির্মাতাদের তা জানানো উচিত।

অভিনেত্রীর ভাষ্য, ‘সিনেমাজগতে কেউ আমাদের কোনো কিছু করতে বাধ্য করে না। আমাদের সম্মতি ছাড়া কেউ কিছু করাতে পারে না। কোনো দৃশ্যে অভিনয় করতে অস্বস্তি হলে সেটা জানানো উচিত। প্রয়োজনে নির্মাতারা ক্যামেরার কৌশল ব্যবহার করে দৃশ্যটি ধারণ করতে পারেন।’

ইনিয়া আরও মনে করেন, কোনো বিষয়ে সম্মতি দেওয়ার পর কাজ শেষ হলে সেটি নিয়ে আপত্তি তোলার যৌক্তিকতা থাকে না। তাই অভিনয়ের আগে নিজের পছন্দ-অপছন্দ ও ব্যক্তিগত সীমারেখা পরিষ্কার করে জানানো জরুরি।

বাবার কাছ থেকে শেখা ব্যক্তিগত পরিসরের পাঠ

সাক্ষাৎকারে ব্যক্তিগত পরিসরের গুরুত্ব বোঝাতে বাবার দেওয়া একটি পরামর্শের কথাও জানান ইনিয়া। তাঁর বাবা ঘরের উদাহরণ দিয়ে বোঝাতেন, নিজের ঘর ব্যক্তিগত জায়গা। সেখানে কাউকে প্রবেশ করতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার অধিকার নিজেরই।

সম্প্রতি মুক্তি পেয়েছে নয়নতারা অভিনীত তামিল ফ্যান্টাসি-কমেডি সিনেমা ‘মুকুথি আম্মান ২’। ছবিটিতে অভিনয় করেছেন ইনিয়াও। গত ৬ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।

 

মন্তব্য করুন