অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ ঘন্টা আগে, ০৩:২১ পিএম

অনলাইন সংস্করণ

ইসলামাবাদে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশ সহ আরও ৫৭ দেশ

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী ২৪ নভেম্বর শুরু হতে যাচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি)। এতে অংশ নিতে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ৫৭টি সদস্যদেশসহ আরও ১১টি দেশের কাছে প্রখ্যাত ক্বারিদের মনোনয়ন চেয়েছে পাকিস্তানের ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

আগামী ২৪ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। গত শনিবার পাকিস্তানের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ওআইসির ৫৭টি সদস্যদেশের পাশাপাশি রাশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, ভারত, চীন, ইথিওপিয়া, ফিলিপাইন, জার্মানি, তানজানিয়া, ফ্রান্স, কেনিয়া ও মালদ্বীপের প্রখ্যাত ক্বারিদের মনোনয়ন পাঠাতে আমন্ত্রণ জানানো হয়েছে।

পাকিস্তানের ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ৩১টি দেশের ক্বারিদের মনোনয়ন পাওয়া গেছে। অংশগ্রহণকারীদের ভিসা দেওয়ার প্রক্রিয়াও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

এবারের প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করবেন মিসর ও ইরানের ইসলামি চিন্তাবিদরা। অন্যদিকে, পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারি সৈয়দ সাদাকাত আলী।

প্রতিযোগিতা আয়োজনের জন্য ভ্রমণ, প্রশাসনিক ও অন্যান্য আনুষঙ্গিক প্রস্তুতিও চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

এর আগে ২০২৫ সালের নভেম্বরে প্রথমবারের মতো আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতার আয়োজন করেছিল পাকিস্তান। প্রথম আসরে ওআইসিভুক্ত ৪০টির বেশি দেশের ক্বারিরা অংশ নিয়েছিলেন।

পাকিস্তানের ধর্মবিষয়ক মন্ত্রণালয় বলেছে, ‘পবিত্র কোরআন তিলাওয়াতের উৎকর্ষ বৃদ্ধি, কুরআনিক জ্ঞানের সঙ্গে সম্পৃক্ততা জোরদার এবং বিভিন্ন দেশের ক্বারিদের মধ্যে অ্যাকাডেমিক ও শৈল্পিক বিনিময়ের ক্ষেত্রে এই আন্তর্জাতিক প্রতিযোগিতা একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘ইসলামি সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি এই আয়োজন মুসলিম উম্মাহর মধ্যে শান্তি, ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যের অভিন্ন মূল্যবোধকে সমুন্নত রাখবে।’

পবিত্র কোরআন তিলাওয়াতের শিল্পকে ছড়িয়ে দেওয়া এবং মুসলিম দেশগুলোর মধ্যে আন্তঃসাংস্কৃতিক ও আন্তঃধর্মীয় সম্প্রীতি জোরদার করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

 

মন্তব্য করুন