প্রকাশিত: ২০ ঘন্টা আগে, ০৯:৫৩ এ এম
অনলাইন সংস্করণ
ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার মধ্যে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যান। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন র্যাটক্লিফের সঙ্গে বৈঠক করেছেন।
রোববার (১৫ নভেম্বর) সিবিএস নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তির বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, আলোচনা করতে বর্তমানে ওয়াশিংটনে অবস্থান করছেন গোফম্যান। চলতি সপ্তাহে তিনি সিআইএ পরিচালক জন র্যাটক্লিফের সঙ্গে বৈঠক করেন।
তবে দুই গোয়েন্দাপ্রধানের বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা নিশ্চিত করতে পারেনি সিবিএস নিউজ। বৈঠকের আলোচ্যসূচি বা সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়েও কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।
এমন এক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের গোয়েন্দাপ্রধানদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হলো, যখন ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তেহরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরুর চেষ্টা করছেন।
এ পরিস্থিতিতে মোসাদপ্রধানের ওয়াশিংটন সফর এবং সিআইএ পরিচালকের সঙ্গে তাঁর বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে বৈঠকের সঙ্গে সম্ভাব্য কোনো সামরিক পদক্ষেপের সরাসরি সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
তথ্যসূত্র: সিবিএস নিউজ ও রয়টার্স।
মন্তব্য করুন