তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৮ ঘন্টা আগে, ১০:৫২ এ এম

অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় সংসদ সদস্য নুসরাতের বাড়িতে আগুন

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে বাড়িটিতে আগুন দিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এতে একতলা টিনশেড বাড়ির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে গেছে। আগুনে একটি ছাগলও মারা গেছে।

বুধবার (১১ নভেম্বর) রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকায় এ ঘটনা ঘটে। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নুসরাত নিজেই বাড়িতে আগুন দেওয়ার কথা জানান।

শৈশবের স্মৃতিবিজড়িত বাড়িটি পুড়ে যাওয়ার কথা তুলে ধরে তিনি লেখেন, ‘আমার দাদার বানানো বাড়িঘর, আমাদের বড় হওয়া, আগুনে পুড়ে যাওয়া ছাগলের বাচ্চাটার নাম ছিল ‘তারা’।’

ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নুসরাত আরও লেখেন, ‘আগুনে পুড়িয়ে উল্লাস করছে। ভেবেছে খুব কষ্ট দিল! যত্তসব লেজ গুটিয়ে পালানো ছারপোকার দল। দেশে থেকেই কিচ্ছু ভয় দেখাতে পারেনি। এসব করে কি আর করবে!’

পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ তুলে তিনি লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’

নুসরাতের বাবা হালিম টম জানান, তারা বর্তমানে নতুন বাড়িতে বসবাস করেন। পুরোনো বাড়িটিতে গবাদিপশু রাখা হয় এবং মাঝেমধ্যে আত্মীয়স্বজন এলে সেটি ব্যবহার করেন। আগুনে বাড়ির সব আসবাবপত্র পুড়ে গেছে এবং একটি ছাগল মারা গেছে।

এনসিপির সহ-যুব ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ওয়াহিদুজ্জামান জানান, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংসদ সদস্যের পৈতৃক ও স্থায়ী বাসভবন লক্ষ্য করে রাত ১২টার পর হামলা চালানো হয়। মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা রাস্তা থেকে বাড়ি লক্ষ্য করে পরপর চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এর মধ্যে দুটি টিনের চালে, একটি গবাদিপশুর শেডে এবং অন্যটি বাড়ির উঠানে পড়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, কে বা কারা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তিনি জানান, নুসরাতের মা-বাবা ঘটনাস্থল থেকে ২০ থেকে ৩০ হাত দূরে আরেকটি তিনতলা ভবনের তৃতীয় তলায় থাকেন। ওই ভবনে আগুন লাগেনি এবং এ ঘটনায় সংসদ সদস্যের পরিবারের কেউ দগ্ধ হননি।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দিবাগত রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই একতলা টিনশেড বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে যায় এবং একটি ছাগল মারা যায়।

নুসরাত তাবাসসুম জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক এবং দলটির নারী শাখা জাতীয় নারী শক্তির প্রধান সংগঠক। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৫০-এর সংসদ সদস্য।

 

মন্তব্য করুন