প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের বিরুদ্ধে ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুলে আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরীমনি। এ ঘটনায় পরীমনির পাশে দাঁড়িয়ে সামাজিক মাধ্যমে ভিডিওবার্তা প্রকাশ করেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তবে পরীমনিকে সমর্থন জানাতে গিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরার পর তিনিও সমালোচনার মুখে পড়েছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওবার্তাটি প্রকাশ করেন প্রভা। ভিডিওতে তাকে আবেগপ্রবণ ও ক্ষুব্ধ অবস্থায় কথা বলতে দেখা যায়।
শুরুতেই প্রভা বলেন, ‘কিছু বিষয় আছে, যা এড়িয়ে না গেলে নিজেকে সান্ত্বনা দিতে পারি না, অপরাধী মনে হয়, বিবেকের কাছে ছোট হয়ে যাই।’ এরপর পরীমনির ঘটনার প্রসঙ্গ টেনে ওই সাংবাদিকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে দর্শকদের উদ্দেশে বলেন, ‘আপনারা তাকে সমর্থন করবেন না। আমরা এটার মুখোমুখি হই।’
পরীমনিকে সমর্থন জানাতে গিয়ে নিজের জীবনের একটি তিক্ত অভিজ্ঞতার কথাও তুলে ধরেন প্রভা। তাঁর দাবি, অতীতেও তিনি এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন।
ঘটনার বর্ণনা দিয়ে প্রভা বলেন, ‘আমি একটা প্রসাধনীর ফেয়ার ইভেন্টে গিয়েছিলাম। তখন কয়েকজন সাংবাদিক আমাকে ঘিরে ধরেছিলেন।’ এরপর ওই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি আরও বলেন, ‘বিশ্বাস করেন, তিনি যদি সাংবাদিক না হতেন, আমার নিজের স্যান্ডেল দিয়ে তাকে প্রহার করতাম! আমি তাকে হেসে হেসেই বলছিলাম, আপনি বুঝতে পারছিলেন না, আমি আনকমফোর্টেবল ফিল করছি?’
প্রভার অভিযোগ, ভিড়ের মধ্যে এক সাংবাদিক একাধিক মাইক্রোফোন নিয়ে তাঁর শরীরের খুব কাছাকাছি চলে এসেছিলেন। তিনি পেছনে সরে যাওয়ার পরও ওই সাংবাদিকের হাত তাঁর কাছাকাছি আসছিল বলে দাবি করেন অভিনেত্রী। তাঁর ভাষ্য, ওই পরিস্থিতিতে সামান্য এদিক-সেদিক হলেই অনাকাঙ্ক্ষিত স্পর্শের ঘটনা ঘটতে পারত।
পরীমনির ঘটনায় অভিযুক্ত সাংবাদিককে বয়কট এবং তাঁর পাশে না দাঁড়ানোর আহ্বান জানানোর পাশাপাশি পুরো ঘটনার তদন্ত দাবি করেন প্রভা।
তবে ভিডিওবার্তাটি সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। অনেকেই প্রভার বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে মন্তব্যঘরে নানা প্রশ্ন তুলেছেন। ফলে পরীমনির পাশে দাঁড়িয়ে দেওয়া বক্তব্যের পর নিজেও সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী।
মন্তব্য করুন