প্রকাশিত: ৮ ঘন্টা আগে, ১০:৩২ এ এম
অনলাইন সংস্করণ
এক দিনের সরকারি সফরে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে হেলিকপ্টারে করে তিনি মোংলায় পৌঁছান।
এর আগে সকাল ৮টা ৪৫ মিনিটে রাজধানীর গুলশান এভিনিউয়ের নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় সেখান থেকে হেলিকপ্টারে মোংলার উদ্দেশে যাত্রা করেন তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ‘প্রধানমন্ত্রী হেলিকপ্টারে মোংলায় পৌঁছেছেন। সেখানে নির্ধারিত কর্মসূচি শেষে তিনি সড়কপথে খুলনা যাবেন এবং জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। বিকালে হেলিকপ্টারে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।’
প্রধানমন্ত্রীর কর্মসূচি অনুযায়ী, সকাল ১০টায় তিনি মোংলা বন্দরে পৌঁছে ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের মধ্যে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে যোগ দেবেন। সকাল সাড়ে ১০টায় বন্দরে দুটি কনটেইনার জেটির নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
এরপর বেলা ১১টা ১৫ মিনিটে মোংলা বন্দর থেকে সড়কপথে বাগেরহাটের হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। বেলা ১২টা ৪৫ মিনিটে তিনি মাজার জিয়ারত করবেন।
বেলা ১টা ১৫ মিনিটে সড়কপথে খুলনার উদ্দেশে রওনা হয়ে দুপুর ২টা ১৫ মিনিটে খুলনা সার্কিট হাউসে যাত্রাবিরতি করবেন। বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
কর্মসূচি শেষে বিকেল সাড়ে ৪টায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিকেল ৫টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে তাঁর।
মন্তব্য করুন