তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ০৩:৪৫ পিএম

অনলাইন সংস্করণ

দেশের বাজারে ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিট থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। এর আগে সোমবার (২ নভেম্বর) ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়েছিল বাজুস। তার আগে ৩১ অক্টোবর ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা কমানো হয়েছিল।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২১ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ১৪ হাজার ৯২ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৩ হাজার ৮৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণ ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩২ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয়েছে, ৬৭ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সে বছর ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।

 

মন্তব্য করুন