বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৫:৪৫ পিএম

অনলাইন সংস্করণ

জন্মদিনের পার্টিতে নাচে ঝড় তুললেন পরীমনি, সঙ্গী কে?

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনির জন্মদিনের নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর ব্যাপক সাড়া ফেলেছে। গত ২৪ অক্টোবর জন্মদিন উদ্‌যাপনের চার দিন পর বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ফেসবুকে ভিডিওটি প্রকাশ করেন তিনি। পোস্ট করার মাত্র এক ঘণ্টার মধ্যে ভিডিওটির ভিউ চার লাখ ছাড়িয়ে যায়।

ভিডিওটির সঙ্গে পরীমনি লিখেছেন, ‘একটু নাচ তো থাকতেই হয়!’ এতে দেখা যায়, জন্মদিনের অনুষ্ঠানে মৃদু সুরের সংগীতের তালে এক ব্যক্তির সঙ্গে নাচছেন তিনি। ভিডিওর শেষ দিকে আরও কয়েকজন অতিথিকে ঘিরে আনন্দ করতে দেখা যায় অভিনেত্রীকে।

ভিডিওটি প্রকাশের পর থেকেই নেটিজেনদের নানা মন্তব্য ও ভালোবাসায় ভরে উঠেছে পরীমনির পোস্ট। এর আগেও জন্মদিনের অনুষ্ঠানে তাঁর ভিন্নধর্মী নাচের কথা স্মরণ করে অনেকে মজার মন্তব্য করেছেন।

ভিডিওতে পরীমনির সঙ্গে নাচতে দেখা যাওয়া ব্যক্তিকে নিয়েও ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। জানা গেছে, তাঁর নাম গোলাম হোসেন কিবরিয়া। তিনি পেশায় একজন নৃত্যপরিকল্পক ও ফ্যাশন হাউসের উদ্যোক্তা। পরীমনির সঙ্গে তাঁর দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে।

জন্মদিনের আয়োজনের পাশাপাশি নতুন সিনেমার খবরও দিয়েছেন পরীমনি। পরিচালক তারেক রহমানের পরিচালনায় ‘ফারজানা’ নামের একটি সিনেমায় অভিনয় করছেন তিনি। সিনেমাটির শুটিং ইতিমধ্যে বেশ কিছুটা এগিয়েছে। আসন্ন রোজার ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

 

মন্তব্য করুন