তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০১:৩৩ পিএম

অনলাইন সংস্করণ

ভোটকে যুদ্ধ নয়, উৎসবে পরিণত করতে চায় নির্বাচন কমিশন: নাসির উদ্দিন

শুধু ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নয়, সব নির্বাচনেই স্বচ্ছতা নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে উপনির্বাচন উপলক্ষে গঠিত মনিটরিং সেল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, ভালো নির্বাচনের সংস্কৃতি গড়ে তুলতে চায় বর্তমান কমিশন। এ দেশে ভোট যেন যুদ্ধের মতো হয়ে দাঁড়িয়েছে। লাখ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করতে হয়—এটিকে তিনি ভোটের লজ্জা হিসেবে উল্লেখ করেন। এই লজ্জা দূর করে নির্বাচনকে যুদ্ধের পরিবর্তে উৎসবে পরিণত করতে চায় ইসি।

তিনি আরও জানান, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড এবং ভোটের অনুকূল পরিবেশ নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব। ভালো পরিবেশ বজায় থাকলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি।

জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলের অভিযোগ প্রসঙ্গে সিইসি বলেন, দলগুলো আগাম যেসব অভিযোগ জানিয়েছিল, সেগুলো আমলে নিয়ে আইনশৃঙ্খলাসহ সব ধরনের তৎপরতা বাড়িয়েছে নির্বাচন কমিশন।

 

মন্তব্য করুন