প্রকাশিত: ২০ ঘন্টা আগে, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক দুটি অভিযানে ১৪৩টি ভারতীয় মোবাইল ফোন, একটি মোটরসাইকেল, ১২০ কেজি ভারতীয় বিড়ির পাতা, ৩৩ কেজি বিড়ির মসলা ও একটি বাইসাইকেল জব্দ করা হয়েছে। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ ৩৮ হাজার ৭০০ টাকা।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ৭টায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধীনস্থ মনোহরপুর বিওপির বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে অভিযান চালিয়ে ১৪৩টি বিভিন্ন প্রকারের ভারতীয় মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করে।
পরে একই বিওপির নিয়মিত টহলদল সকাল ৯টা ৫০ মিনিটে একই ইউনিয়নের বালুটুঙ্গী গ্রামে পৃথক অভিযান চালিয়ে ১২০ কেজি ভারতীয় বিড়ির পাতা, ৩৩ কেজি বিড়ির মসলা ও একটি বাইসাইকেল জব্দ করে।
জব্দ করা মোবাইল ফোন, মোটরসাইকেল, বিড়ির পাতা, বিড়ির মসলা ও বাইসাইকেল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশইন প্রতিরোধ, মাদক চোরাচালান বন্ধ এবং যেকোনো ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মন্তব্য করুন