প্রকাশিত: ১৯ ঘন্টা আগে, ০৯:৩১ এ এম
অনলাইন সংস্করণ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৪ হাজার টাকা মূল্যমানের জাল নোটসহ প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর ২০২৬ইং) রাত সোয়া ১০টার দিকে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের উত্তর ধর্মপুর বাজার থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন - আকাশ শেখ, জনি প্রামাণিক ও সুমন শেখ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গেল শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের উত্তর ধর্মপুর বাজারে সিহাবুর রহমানের ফার্মেসী থেকে জাল টাকা চক্রের একজন সদস্য ৫০০ টাকার নোট দিয়ে ১১০ টাকার ঔষধ ক্রয় করেন। তখন ফার্মেসী মালিক টাকাটি ভালোভাবে পর্যবেক্ষণ না করে তাকে অবশিষ্ট ৩৯০ টাকা ফেরত দেন। পরে জাল টাকা চক্রের অপর এক সদস্য পার্শ্ববর্তী মুদি দোকান থেকে জিনিসপত্র ক্রয় শেষে ১০০০ টাকার নোট দিলে দোকানি সেটি পরীক্ষা করে জাল নোট হিসেবে সনাক্ত করেন। পরবর্তীতে জাল টাকা চক্রের ৩ সদস্যকে স্থানীয় ব্যবসায়ীরা আটক করে উত্তর ধর্মপুর বাজার বণিক সমিতির কার্যালয়ে নিয়ে অবরুদ্ধ করে থানায় খবর দেয়। পরবর্তীতে এসআই মমিনুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে এসে তাদের দেহ তল্লাশি করে আকাশ শেখের প্যান্টের পকেট থেকে ১০০০ টাকার ১টি ও ৫০০ টাকার ২টি, জনি প্রামাণিকের প্যান্টের পকেট থেকে ৫০০ টাকার ২টি এবং সুমন শেখের প্যান্টের পকেট থেকে ৫০০ টাকার ২টি জাল নোট উদ্ধারসহ তিনজকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
ফার্মেসীর মালিক সিহাবুর রহমান বলেন, আমি সরল বিশ্বাসে ৫০০ টাকার নোটটি পরীক্ষা না করে ড্রয়ারে রেখে তাকে অবশিষ্ট ফেরত দিয়েছিলাম। কিন্তু পাশের মুদি দোকানে ১০০০ টাকার জাল নোটের ঘটনাটি ধরা পড়লে, তখন আমার সন্দেহ হলে ড্রয়ারে রাখা সেই ৫০০ টাকা ভালোভাবে পরীক্ষা করে জাল নোট হিসেবে সনাক্ত করি।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জাল টাকার বিস্তার রোধ ও এর সঙ্গে জড়িত চক্রের অন্যান্য সদস্যদের আইনের আওতায় আনতে পুলিশের অনুসন্ধান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
মন্তব্য করুন