আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬, ০৯:১৭ এ এম

অনলাইন সংস্করণ

ইরানের প্রতিনিধিদল ইসলামাবাদে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টও রওনা

ইরানের প্রতিনিধিদলকে স্বাগত জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থায়ী যুদ্ধবিরতি ও ভবিষ্যৎ শান্তি আলোচনার উদ্দেশ্যে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ১০ এপ্রিল রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং কয়েকজন আইনপ্রণেতা।

প্রতিনিধিদলকে ইসলামাবাদ বিমানবন্দরে স্বাগত জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।

একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সও ইরানের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নিতে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন। মেরিল্যান্ডের অ্যান্ড্রুস এয়ার ফোর্স বেস থেকে যাত্রার আগে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলে এই কূটনৈতিক প্রচেষ্টায় আশাবাদ প্রকাশ করেন।

বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে অনুষ্ঠিতব্য এই বৈঠক মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা ও দীর্ঘস্থায়ী শান্তির জন্য একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হতে পারে। সবকিছু ঠিক থাকলে শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল আলোচনায় বসবে।

বর্তমানে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনে পাকিস্তানের এই মধ্যস্থতা আন্তর্জাতিক মহলে ব্যাপক গুরুত্ব পাচ্ছে।

মন্তব্য করুন