প্রকাশিত: ১২ ঘন্টা আগে, ০৩:৫০ পিএম

অনলাইন সংস্করণ

তেঁতুলিয়ায় ঠিকাদারের বিল তুলে নিয়েছে ইউএনও ও পিআইও অফিস সহকারী

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে'র তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আফরোজ শাহীন খসরু ও পিআইও অফিসের সাবেক অফিস সহকারী মোঃ জহির হোসেন এর বিরুদ্ধে বেআইনি ভাবে ঠিকাদারের টাকা উত্তোলন করে আত্মসাতের চেষ্টার তথ্য ছড়িয়েছে। এতে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সমগ্র পঞ্চগড় জেলায়। এ ঘটনায় ঠিকাদারের বক্তব্য সম্বলিত একটি কল রেকর্ডিং এসেছে সাংবাদিকদের হাতে। তাতে শোনা যায়, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রবি ট্রেডার্স এর প্রোপাইটার মোঃ রবিউল ইসলাম বলছেন, তেঁতুলিয়া উপজেলায় বিভিন্ন প্রকল্পের আমি ৭৯ লক্ষ টাকার কাজ করি। এর মধ্যে অর্ধেক আমি পেয়েছি। বাকী অর্ধেক এর মধ্যে কমিশন বাদে রানিং বিল ৩০ লক্ষ এর সামান্য কিছু বেশি টাকা আমি পাবো। এরমধ্যে ১০ লাখ আমি পাইছি। অবশিষ্ট ২০ লক্ষ টাকা অফিস সহকারী জহিরুল ইসলাম এর নামে পে-ওয়ার্ডার করে।  ১৫ লক্ষ টাকা ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসার পিআইও অফিস সহকারী জহির এর মাধ্যমে আমাকে না জানিয়ে উত্তোলন করে। রিসিভ এ আমার কোন সই দেখাতে পারবে না। পরে আমার একাউন্টে ৩ লাখ জমা দিয়ে অবশিষ্ট ১২ লাখ টাকা আমি এখনো পাইনি। এই উপজেলা নির্বাহী অফিসার আমার উপর অনেক টর্চার করেছে। কাজের বিল ইচ্ছে করে ঝুলিয়ে রাখে বার বার ঘোরানো, সময় শেষ হবার দিন শেষ মূহুর্তে বিলে সই করে হয়রানি ও এই বিলে সই নিতে আমাকে ঢাকা পর্যন্ত যেতে হয়েছে। আপনার কাজের কোন কমিশন ইউএনও নেন কিনা ? এমন প্রশ্নের জবাবে ঠিকাদার রবিউল ইসলাম বলেন, ইউএনও সরাসরি নিজে না নিয়ে জহির এর মাধ্যমে নেয়। এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আফরোজ শাহীন খসরু বলেন, আমি এসব কিছু জানিনা। এগুলো মিথ্যাচার। এ বিষয়ে সাবেক পিআইও অফিস সহকারী জহির এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটা তেমন কোন বিষয় না। আমি আর রবিউল ইসলাম ভাই একসাথে কাজ করতাম। আমারই ভুল হয়েছে। এগুলো ছোটখাটো বিষয় আমরা মিউচুয়াল করে নিবো। আপনি নিউজ করেন। তবে এ ঘটনায় বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ। অনেকেই বলছেন, সরকারি কর্মকর্তারা কোটি কোটি টাকা আত্মসাত বা অনিয়ম করলে বদলি ব্যতীত অন্য কোন সাজা হয় না। এটা কোন বিচার হতে পারে না। আইন যদি সবার জন্য সমান হয়ে থাকে তাইলে বদলি নয়, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

মন্তব্য করুন