তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০৮:০৪ পিএম

অনলাইন সংস্করণ

গাড়ি চালকের ৮ মাসে কোটি টাকার সম্পদ, ভাই ছিলেন ‘আসিফ মাহমুদের এপিএস’

সাবেক অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেন ও রিয়াজুল ইসলামদের বাড়িতে নতুন ভবন হচ্ছে। ইনসেটে সাবেক উপদেষ্টা এপিএস মোয়াজ্জেম হোসেন।

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেম হোসেনের বড় ভাই রিয়াজুল ইসলাম মাত্র আট মাসে কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন।

২০২৪-২৫ কর বর্ষে জমা দেওয়া আয়কর রিটার্নে রিয়াজুল ১ কোটি ৮০ লাখ টাকার সম্পদের তথ্য দিয়েছেন। নথি অনুযায়ী, এই সম্পদের অধিকাংশই অর্জিত হয়েছে ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত সময়ে, যখন তার ছোট ভাই মোয়াজ্জেম এপিএসের দায়িত্ব পালন করছিলেন।

রিয়াজুল এখন দুটি গাড়ির মালিক, ব্যাংকে রয়েছে এফডিআরসহ বড় অঙ্কের আমানত, এবং কোটি টাকার ব্যবসায়িক মূলধন। এলাকার লোকজন তাকে ইলিয়াস মণ্ডল নামে চেনে। তবে দুদকের অনুসন্ধান থেকে দেখা গেছে, তিনি এই সম্পদ অর্জনের বৈধ উৎস দেখাতে পারেননি।

আয়কর নথিতে তার ব্যবসায়িক মূলধন ৯৬ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা দেখানো হয়েছে। ব্যাংকের এফডিআর ও সঞ্চয়ী আমানত মিলিয়ে ২০ লাখ টাকার বেশি রয়েছে। এছাড়া ডেলটা লাইফ ইনস্যুরেন্সে ১ লাখ ১৩ হাজার ৩৯২ টাকা জমা আছে।

রিয়াজুল ও তার স্ত্রী সাথী খাতুন অন্তর্বর্তী সরকারের আমলে দুটি গাড়ি কেনেন। রিয়াজুলের মাইক্রোবাসের মূল্য দেখানো হয়েছে ৪৩ লাখ ৬৫ হাজার টাকা, আর সাথীর প্রাইভেট কারের মূল্য ১২ লাখ ৯০ হাজার টাকা।

এর আগে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ ও তার এপিএস মোয়াজ্জেমের কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ দুদকে আসে। যদিও অনুসন্ধান শুরু হয়েছিল, অজ্ঞাত কারণে তা স্থগিত আছে।

রিয়াজুল বলেন, ‘আমার দুইটা গাড়ি আর ব্যাংকের কিছু টাকার এফডিআর ছাড়া আর কিছুই নাই। থাকলে দুদক তো মামলা করত।’ একই সঙ্গে তিনি ব্যাখ্যা দিয়েছেন, ‘এটা আসলে আইনজীবী করেছেন, আমি তো জানি না। আমার সব মিলিয়ে ৮০ লাখ টাকার বেশি সম্পদ হবে না।’

 

সূত্র: আজকের পত্রিকা 

মন্তব্য করুন