প্রকাশিত: ১১ মে, ২০২৬, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশ-লিবিয়া-ইতালি রুটে ভূমধ্যসাগরের বিপজ্জনক পথে সাম্প্রতিক সময়ে বাংলাদেশিদের মৃত্যুর ঘটনার প্রেক্ষাপটে অনিয়মিত অভিবাসন ইস্যুতে জরুরি বৈঠক ডেকেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (১১ মে) স্টেট গেস্ট হাউস পদ্মায় অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৈঠকে পররাষ্ট্র সচিব, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, ইতালির রাষ্ট্রদূত, লিবিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এবং ঢাকায় আইওএম মিশনের প্রধান উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করেছে। এই অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সিন্ডিকেটগুলোকে আইনের আওতায় আনার বিষয়ে কঠোর হুঁশিয়ারিও দেন তিনি।
বৈঠকে ইতালির রাষ্ট্রদূত জানান, ইউরোপীয় ইউনিয়ন আগামী জুনে আশ্রয় ও অভিবাসন বিষয়ে নতুন বিধিমালা প্রণয়ন করতে যাচ্ছে, যেখানে অনিয়মিত অভিবাসীদের বৈধ মর্যাদা পাওয়ার প্রক্রিয়া আরও কঠোর হবে।
আলোচনায় নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসনের পথ সম্প্রসারণে জোর দেওয়া হয়। অভিবাসীদের দক্ষতা ও ভাষাগত সক্ষমতা বৃদ্ধি এবং গন্তব্য দেশের নিয়োগকর্তাদের সঙ্গে সমন্বয় করে কর্মসংস্থান-নিশ্চিত অভিবাসন কাঠামো গড়ে তোলার বিষয়ে মতৈক্য হয়।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্স, মূলধন ও অভিজ্ঞতার মাধ্যমে দেশের উন্নয়নে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করতে হবে, যা প্রধানমন্ত্রী তারেক রহমানের 'বাংলাদেশ ফার্স্ট' উন্নয়ন দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
মন্তব্য করুন