তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১১ মে, ২০২৬, ০৪:২১ পিএম

অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালিতে টোল ও অনুমতির নতুন নিয়ম চালু করল ইরান

সংগৃহীত ছবি

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে নতুন নিয়ন্ত্রণ আরোপ করেছে ইরান। এখন থেকে যেকোনো নৌযানকে প্রণালিটি পাড়ি দিতে হলে আগে তেহরানের অনুমতি নিতে হবে এবং টোল পরিশোধ করতে হবে। নৌচলাচল বিষয়ক জার্নাল লয়েড'স লিস্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

পারসিয়ান গালফ স্ট্রেইট অথরিটি (পিজিএসএ) ইতোমধ্যে এ নিয়ম কার্যকর করেছে। নতুন ব্যবস্থায় জাহাজগুলোকে মালিকানা, বীমা, ক্রু, পণ্যসামগ্রী, যাত্রার উৎস ও গন্তব্যসহ ৪০টির বেশি প্রশ্নসমৃদ্ধ 'ভেসেল ইনফরমেশন ডিক্লারেশন' ফর্ম পূরণ করে জমা দিতে হবে। তবে টোলের পরিমাণ কত হবে সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

ইরানের সেনা কর্মকর্তা মোহাম্মদ আকরামানিয়া জানিয়েছেন, যেসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে একাত্ম হয়ে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে, তাদের জন্য প্রণালিটি পাড়ি দেওয়া কঠিন হবে। তিনি বলেন, এই ব্যবস্থা ইরানের জন্য অর্থনৈতিক, নিরাপত্তাগত ও রাজনৈতিক সুবিধা বয়ে আনবে।

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি সামাজিক মাধ্যমে সতর্কবার্তা দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র-সমর্থিত যেকোনো প্রস্তাবের পক্ষ নিলে গুরুতর পরিণতি ভোগ করতে হবে। হরমুজকে তিনি 'অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইফলাইন' আখ্যা দিয়ে বলেন, চিরতরে নিজেদের জন্য তা বন্ধ করার ঝুঁকি না নেওয়াই ভালো।

উল্লেখ্য, স্বাভাবিক সময়ে বিশ্বের মোট অপরিশোধিত তেলের এক পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র জলপথটি উন্মুক্ত রাখতে তৎপর থাকার মধ্যেই ইরানের এই পদক্ষেপ বৈশ্বিক জ্বালানি বাণিজ্যে নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মন্তব্য করুন