নাজমুল হুদা

প্রকাশিত: ১১ মে, ২০২৬, ০৩:৩৬ পিএম

অনলাইন সংস্করণ

গাজীপুরের পোশাক কারখানায় হঠাৎ অর্ধশত শ্রমিক অসুস্থ, জরুরি ছুটি

ছবি: সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকার প্যানাসিয়া ক্লোদিং লিমিটেড কারখানায় সোমবার সকালে একযোগে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়ার ঘটনায় কর্তৃপক্ষ জরুরি ছুটি ঘোষণা করেছে। শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে আক্রান্তদের।

শ্রমিক ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার শ্বাসকষ্টজনিত কারণে কারখানার এক নারী শ্রমিকের মৃত্যু হয়। আজ সকালে তার স্মরণে কারখানা প্রাঙ্গণে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। শ্রমিকরা সেখানে অংশগ্রহণ করেন। পরে একে একে তারা অসুস্থবোধ করতে থাকলে কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে তাদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আমিনুল ইসলাম পরিস্থিতি স্বাভাবিক বলে আশ্বস্ত করে বলেন, ‘গণ মনোদৈহিক রোগে আক্রান্ত এসব রোগীদের নিয়ে তেমন কোনো আশঙ্কা নেই। চিকিৎসা দেয়ার পর আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবেন।’

কারখানা কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা যায়, প্রথমে একজন নারী শ্রমিক হঠাৎ চিৎকার করে ওঠেন। এরপরই পর্যায়ক্রমে অন্যান্য শ্রমিক অসুস্থ হয়ে পড়তে থাকেন। ঘটনার আকস্মিকতায় কারখানা প্রশাসন দ্রুত সবাইকে ছুটি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর মহানগর পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, ‘ওই কারখানায় বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় এবং কারখানাটির ছুটি দেয়া হয়েছে।’

তিনি আরও উল্লেখ করেন, ‘সেখানে শিল্প পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি বর্তমানে একেবারেই স্বাভাবিক আছে-’।

মন্তব্য করুন