প্রকাশিত: ১১ মে, ২০২৬, ১২:৫০ পিএম
অনলাইন সংস্করণ
দুর্নীতি, দুঃশাসন ও সন্ত্রাস দমনে কোনো ধরনের আপস করা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন, অপরাধী যেই হোক — তার রাজনৈতিক বা ব্যক্তিগত পরিচয় বিবেচনায় না নিয়ে শুধু 'অপরাধী' হিসেবে গণ্য করে আইনি ব্যবস্থা নিতে হবে।
সোমবার (১১ মে) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রী বলেন, পুলিশের সফলতার ওপরই সরকারের সফলতা নির্ভর করছে। তাই দেশের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে জনবান্ধব হতে হবে এবং সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও 'মব ভায়োলেন্স' ঠেকাতে বিশেষ কঠোরতার আহ্বান জানান তিনি।
দেশের স্থিতিশীলতা ও সংস্কারের লক্ষ্যে 'জুলাই সনদ'-এর প্রতিটি দফা পর্যায়ক্রমে বাস্তবায়নের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন সরকারপ্রধান। একইসঙ্গে পুলিশ বাহিনীকে আধুনিক ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সব যৌক্তিক দাবি পূরণের আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ আলী হোসেন ফকির। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের পেশাগত দাবি ও সমস্যাগুলো প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন