প্রকাশিত: ১১ মে, ২০২৬, ১২:২৩ পিএম
অনলাইন সংস্করণ
পুলিশ বাহিনীতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের ঘোষণা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শৃঙ্খলা ভঙ্গকারী যে কোনো সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে মানবাধিকার রক্ষা করে কৌশলী পুলিশি কার্যক্রম পরিচালনার তাগিদ দিয়েছেন তিনি।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ‘পুলিশ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে আয়োজিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনামূলক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
পুলিশের কর্মকাণ্ডে স্বচ্ছতা আনতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর জোর দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশের অপারেশনাল কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনা এবং অন্যান্য কাজে স্বচ্ছতা বাড়াতে বডিওর্ন ক্যামেরার ব্যবহার আমরা বাড়াতে চাচ্ছি। আমাদের কিছু বডিওর্ন ক্যামেরা আছে, ভবিষ্যতে সব পর্যায়ে বডিওর্ন ক্যামেরা ব্যবহার করে তদন্ত-অপারেশন সব কার্যক্রম রেকর্ডের রাখতে পারি সে ব্যবস্থা নেব।’
জাতিসংঘের মানদণ্ড অনুসারে ন্যূনতম বলপ্রয়োগ কৌশলে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, ‘আপনাদের স্মরণ রাখতে হবে, মানবাধিকারের বিষয়টি এখন অনেক গুরুত্বপূর্ণ। অপরাধ কার্যক্রম বন্ধ বা কমাতে গেলে বা প্রসিকিউশন টিমকে সহযোগিতা করতে গলে, তদন্ত কার্যক্রম যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয়, সে জন্য কৌশলে যা যা করতে হয় মানবাধিকার সমুন্নত রেখে সে রকম সব কার্যক্রম চালান।’
পর্যটন পুলিশ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করেন, ‘এখানে আমরা এখনো সুনাম অর্জন করতে পারিনি।’ দেশের ভাবমূর্তির সঙ্গে এ বিষয়টি জড়িত উল্লেখ করে ট্যুরিস্ট পুলিশকে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যাতে আমাদের দেশের ভাবমূর্তি ও পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পায়।’
বৈশ্বিক বাস্তবতায় পুলিশিং এখন আর কেবল অপরাধ দমনে সীমাবদ্ধ নয় মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনাদের জনগণের সঙ্গে আস্থা ও বিশ্বাসের সম্পর্ক গড়ে তুলতে হবে।’ ব্যক্তিগত সততা ও প্রাতিষ্ঠানিক স্বচ্ছতাকে অপরিহার্য অভিহিত করে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রাখতে হবে। বাহিনীর শৃঙ্খলার সঙ্গে কোনো আপস করা হবে না। আপনাদের প্রতিটি পদক্ষেপ যাতে বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। চেইন অব কমান্ড যারা ব্রেক করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
মন্তব্য করুন