বৃহস্পতিবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২২ ১৪৩২   ১৭ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪৭

রেলের জমি দখল করে টিকে গ্রুপের স্থাপনা, উচ্ছেদে বাধা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫  

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা রেলওয়ে স্টেশন এলাকায় রেলের কোটি টাকার জমি দখল ও লাইসেন্সের শর্ত ভঙ্গ করে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে টিকে গ্রুপের প্রতিষ্ঠান কর্ণফুলী স্টিল মিলস লিমিটেডের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, প্রতিষ্ঠানটি জমি দখল করতে গিয়ে মাদ্রাসা ও শহীদ মিনার পর্যন্ত উচ্ছেদ করেছে এবং নিজস্ব লাঠিয়াল বাহিনী ব্যবহার করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়েছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, ২০০৫ সালে কুমিরা স্টেশন এলাকায় রেল লাইনের পশ্চিম পাশে দুটি প্লটে ১ দশমিক ৩৩ একর জমি কর্ণফুলী স্টিল মিলসের নামে কৃষি লাইসেন্স ইস্যু করা হয়। তবে শর্ত অনুযায়ী ওই জমি শুধুমাত্র কৃষিকাজের জন্য ব্যবহারের কথা থাকলেও সেখানে লেবার শেড, সীমানা প্রাচীর ও অন্যান্য স্থাপনা নির্মাণ করা হয়েছে। এমনকি জমি ভরাট করে দখল নেওয়ার অভিযোগও রয়েছে।

স্থানীয়রা জানান, প্রভাবশালী একটি বাহিনীকে ব্যবহার করে টিকে গ্রুপ জোরপূর্বক জমি দখল করে। অভিযোগ করলেও তারা কোনো প্রতিকার পাননি।

এ বিষয়ে জানতে চাইলে টিকে গ্রুপের সিনিয়র কর্মকর্তা মো. তারেক আহমেদ মন্তব্য করতে অস্বীকৃতি জানান। আরেক কর্মকর্তা মো. আব্দুল কাদের ফোনে কথা বলতে অস্বীকার করেন।

রেলওয়ে সূত্র বলছে, গত বছরের নভেম্বর মাসে জমি উদ্ধারে অভিযান চালালে কর্ণফুলী স্টিল মিলসের সহযোগীরা হামলা চালায়। তবে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা (সিইও) মো. মাহবুব উল করিম জানিয়েছেন, “রেলের জমি অবৈধভাবে ব্যবহারের কোনো সুযোগ নেই। কেউ শর্ত ভঙ্গ করলে তাদের লাইসেন্স বাতিল করে উচ্ছেদ করা হবে।”

এই বিভাগের আরো খবর