আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ০৯:৩০ এ এম

অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালি ‘আমেরিকার ভূখণ্ড’—ট্রাম্পের দাবি, ইরানের তীব্র প্রতিক্রিয়া

আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালিকে ‘এই মুহূর্তে আমেরিকার ভূখণ্ড’ বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে চলমান অবরোধের মধ্যেই শুক্রবার (২১ আগস্ট) দক্ষিণ ক্যারোলাইনায় এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, “আমরা এমনকি জানিও না আমরা জিতেছি কি না। কারণ এই মুহূর্তে আমি হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড হিসেবেই দেখি।” ইরানের সঙ্গে চলমান সংঘাত প্রসঙ্গে তিনি রসিকতার সুরে আরও বলেন, “শুক্রবার রাত, আমাদের হাতে অনেক সময় আছে। আমাকে কি ইরানে আরও একটু বোমা ফেলতে হবে?”

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শুক্রবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাহিনী ৬৮টি বাণিজ্যিক জাহাজকে হরমুজ প্রণালিতে অবরোধ মেনে চলতে বাধ্য করেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এর আগেও ট্রাম্প হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করার ইঙ্গিত দিয়েছিলেন। তিনি দাবি করেন, অবরোধের মাধ্যমে যুক্তরাষ্ট্র কার্যত এই গুরুত্বপূর্ণ জলপথ নিয়ন্ত্রণ করছে এবং তার ইচ্ছা অনুযায়ী সেখানে জাহাজ চলাচল নির্ধারিত হতে পারে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মানচিত্র প্রকাশ করে প্রণালিটিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে দেখান তিনি।

তবে ট্রাম্পের এই দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি এ বক্তব্যকে ‘ভ্রান্ত কল্পনা’ বলে মন্তব্য করেছেন।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের এই পাল্টাপাল্টি বক্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। বিশ্ব তেল সরবরাহের গুরুত্বপূর্ণ এই রুট নিয়ে যেকোনো সংঘাত আন্তর্জাতিক বাজারেও বড় প্রভাব ফেলতে পারে।

মন্তব্য করুন