প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ১০:৪৬ এ এম
অনলাইন সংস্করণ
ম্যাকাই টেস্টের প্রথম ইনিংসে মিচেল স্টার্কের বিধ্বংসী পেস বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। মাত্র ৩৪ ওভারে ৬৪ রানে গুটিয়ে গেছে টাইগাররা, যা তাদের টেস্ট ইতিহাসে চতুর্থ সর্বনিম্ন দলীয় সংগ্রহ।
সিরিজের প্রথম ম্যাচে ঐতিহাসিক জয় পাওয়ার পর আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামলেও শুরু থেকেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ইনিংসের মাত্র ১২ রানেই ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচে আধিপত্য প্রতিষ্ঠা করেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক।
৬.৪ ওভারের মধ্যেই ১২ রানে ৫ উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে পড়ে সফরকারীরা। ওই সময়ে ৪ ওভার বল করে ৩ মেডেনসহ মাত্র ৪ রান দেন স্টার্ক। ইনিংসের প্রথম বলেই সাদমান ইসলামকে আউট করার পর একে একে তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক ও লিটন দাসকে সাজঘরে ফেরান তিনি। মাত্র ২২ বলেই পাঁচ উইকেট নিয়ে টেস্ট ইতিহাসের দ্রুততম ফাইফারের তালিকায় চতুর্থ স্থানে উঠে আসেন স্টার্ক।
শেষ পর্যন্ত ১০ ওভার বল করে ৬ মেডেনসহ মাত্র ১৩ রান দিয়ে ৬ উইকেট শিকার করেন এই অজি পেসার। তার তোপে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ পুরোপুরি ধসে পড়ে।
এক পর্যায়ে ৩৯ রানে ৯ উইকেট হারিয়ে নিজেদের টেস্ট ইতিহাসের সর্বনিম্ন ৪৩ রানে অলআউট হওয়ার শঙ্কায় পড়ে বাংলাদেশ। তবে তাইজুল ইসলামের একটি বাউন্ডারিতে সেই লজ্জা এড়ানো সম্ভব হয়।
দলের পক্ষে সর্বোচ্চ ১৪ রান করেন শরিফুল ইসলাম। শেষদিকে অপরাজিত থাকেন তাইজুল ইসলাম। তবে সামগ্রিকভাবে ব্যাটিং ব্যর্থতায় বড় বিপর্যয়ের মুখে পড়েছে বাংলাদেশ, যা ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি অস্ট্রেলিয়ার হাতে তুলে দিয়েছে।
মন্তব্য করুন