তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৫৫ মিনিট আগে, ০৬:২১ পিএম

অনলাইন সংস্করণ

পুতুলের ওই পদে দায়িত্ব পালনের মতো যোগ্যতা ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

তরুণ কণ্ঠ প্রতিবেদন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সাবেক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলের নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেছেন, ওই পদে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা পুতুলের ছিল না এবং নিয়োগ প্রক্রিয়াটিও ত্রুটিপূর্ণ ছিল।

রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

পুতুলের নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে হুমায়ুন কবির বলেন, এতে ত্রুটি ছিল এবং সেখান থেকে ‘দুর্নীতির দুর্গন্ধ’ বের হয়ে এসেছে।

একই সংবাদ সম্মেলনে তিনি জানান, ডব্লিউএইচওর পরবর্তী নিয়োগে মালদ্বীপের প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, এই সফরে বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন ও অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরা হবে।

নিউইয়র্ক সফরকালে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর একাধিক দ্বিপক্ষীয় বৈঠক এবং কয়েকটি সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। এসব বৈঠকে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে হুমায়ুন কবির বলেন, ভারতকে নিয়ে ঢাকা একটি নতুন ও কার্যকর সম্পর্ক তৈরি করতে চায়। সীমান্ত হত্যা বন্ধের বিষয়ে তিনি বলেন, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ এবং এ-সংক্রান্ত জটিলতার সমাধান কূটনৈতিক চ্যানেলে আলোচনার মাধ্যমে করা হবে।

রোহিঙ্গা সংকট নিয়েও নিউইয়র্কে বিশেষ সাইডলাইন বৈঠক আয়োজনের কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা ইস্যু গুরুত্ব পাবে বলে তিনি উল্লেখ করেন।

এ ছাড়া বাংলাদেশ থেকে অবৈধভাবে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে হুমায়ুন কবির বলেন, অর্থ ফেরত আনতে এরই মধ্যে কাজ শুরু হয়েছে এবং এ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন