নজরুল ইসলাম, গাজীপুর

প্রকাশিত: ৫১ মিনিট আগে, ০৭:২৫ পিএম

অনলাইন সংস্করণ

কৃষি উদ্ভাবনে শ্রেষ্ঠত্বের মুকুট গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের

গবেষণা, উদ্ভাবন ও সৃজনশীলতায় সাফল্যের স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে গত ১২ থেকে ১৪ সেপ্টেম্বর ঢাকার নভোথিয়েটারে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ইনোভেশন ফেয়ারে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো তাদের উদ্ভাবন ও প্রযুক্তি প্রদর্শন করে। মেলায় এক হাজারের বেশি উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শিত হয়।

গাকৃবি উদ্ভাবিত ৯৭টি জাত ও ২০টির বেশি প্রযুক্তির মধ্য থেকে নির্বাচিত শীর্ষ ১২টি জাত ও প্রযুক্তি মেলায় প্রদর্শন করে। কৃষি, গবেষণা ও খাদ্যনিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট এসব উদ্ভাবনের বৈজ্ঞানিক গুরুত্ব, বাস্তব প্রয়োগযোগ্যতা, সৃজনশীলতা ও বাণিজ্যিক সম্ভাবনা দর্শনার্থী, শিল্প উদ্যোক্তা ও নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইনোভেশন ফেয়ার-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে গাকৃবিকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। চ্যাম্পিয়ন হওয়ার স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি.কে.এম. মোস্তাফিজুর রহমানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য উদ্ভাবকরাও উপস্থিত ছিলেন।

গাকৃবির উপাচার্য অধ্যাপক ড. জি.কে.এম. মোস্তাফিজুর রহমান বলেন, এ অর্জন বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবক, শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং গবেষণাগার ও মাঠপর্যায়ের সব কর্মীর সম্মিলিত প্রচেষ্টা ও নিরলস পরিশ্রমের ফল।

তিনি বলেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনগুলো বাংলাদেশের কৃষিখাতের আধুনিকায়ন, উন্নয়ন ও টেকসই অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে দেশের খাদ্য ও কৃষিনিরাপত্তা নিশ্চিত করতেও এসব উদ্ভাবন কার্যকর অবদান রাখবে।

"ইনোভেশন টু মার্কেট" প্রতিপাদ্যে আয়োজিত এ মেলার অন্যতম লক্ষ্য ছিল বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের উদ্ভাবনকে শিল্প ও বাজারের সঙ্গে যুক্ত করা, গবেষণালব্ধ প্রযুক্তির বাণিজ্যিক সম্ভাবনা সৃষ্টি এবং দেশীয় প্রযুক্তিকে মানুষের জীবন ও অর্থনীতির কাজে লাগানো।

 

মন্তব্য করুন