তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৬:১৩ পিএম

অনলাইন সংস্করণ

আগামী ৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করতে চায় ইসি

আগামী বছরের ৬ জুনের আগেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। তবে ভোট শুরুর নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ উপনির্বাচনে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের কথা জানিয়েছে ইসি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

ইসি সানাউল্লাহ বলেন, উপনির্বাচনে জাতীয় নির্বাচনে ব্যবহৃত প্রযুক্তির পাশাপাশি আরও উন্নত প্রযুক্তি প্রয়োগ করা হবে। সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও দায়িত্ব পালন করবে।

জুনের আগে ইউপি নির্বাচন শেষ করার পরিকল্পনা

ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনার কথা তুলে ধরে নির্বাচন কমিশনার বলেন, আগামী বছরের জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার বিষয়ে বৈঠকে অংশ নেওয়া পক্ষগুলো একমত হয়েছে। নির্দিষ্ট তারিখ চূড়ান্ত করতে আরও কিছু প্রস্তুতিমূলক ও প্রশাসনিক সমন্বয়ের প্রয়োজন রয়েছে।

তিনি জানান, বাজেট পরিকল্পনা, জনবল, প্রশাসনিক প্রস্তুতি এবং স্টাফ ও সচিবালয় পর্যায়ের সমন্বয় শেষ করার পর কমিশনের বৈঠকে ভোটের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে। এরপরই তফসিল প্রকাশ করা হবে।

পরীক্ষার সময়সূচি বড় চ্যালেঞ্জ

নির্বাচনের সময় নির্ধারণে শিক্ষা কার্যক্রমের বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানান সানাউল্লাহ। তাঁর ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক বন্যায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কার্যক্রমে যে বিঘ্ন ঘটেছে, তার প্রভাব এখনো রয়েছে। এ কারণে নির্বাচন আয়োজনের সঙ্গে যাতে পরীক্ষা কার্যক্রম ব্যাহত না হয়, সে বিষয়ে শিক্ষা সংশ্লিষ্ট পক্ষগুলো কমিশনের কাছে অনুরোধ জানিয়েছে।

নির্বাচনি দায়িত্ব ও প্রশিক্ষণের জন্য একজন শিক্ষককে অন্তত এক সপ্তাহ প্রয়োজন হয়। পাশাপাশি খাতা মূল্যায়ন ও পরীক্ষার প্রস্তুতির বিষয়ও বিবেচনায় রাখতে হচ্ছে বলে জানান তিনি।

সম্ভাব্য সময়সূচি সম্পর্কে সানাউল্লাহ বলেন, নভেম্বর ও ডিসেম্বরজুড়ে বিভিন্ন পর্যায়ের পরীক্ষা থাকায় ওই সময়ে সময় সংকট রয়েছে। জানুয়ারিতে কিছুটা সুযোগ থাকলেও এরপর রোজা এবং এসএসসি পরীক্ষার সময় শুরু হবে। এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর ৬ জুন এইচএসসি পরীক্ষা শুরুর আগের সময়টিতে কিছুটা সুযোগ রয়েছে। এই সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের প্রস্তুতি কীভাবে সমন্বয় করা যায়, তা নিয়ে কমিশন পর্যালোচনা করছে।

এর আগে ১৪ সেপ্টেম্বর ইসি সাত ধাপে ইউপি নির্বাচন আয়োজনের একটি প্রাথমিক পরিকল্পনার কথা জানিয়েছিল। প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর আয়োজনের সম্ভাব্য তারিখও তখন জানানো হয়েছিল। তবে ওই পরিকল্পনাকে চূড়ান্ত তফসিল হিসেবে ঘোষণা করা হয়নি।

মন্তব্য করুন