প্রকাশিত: ৫৫ মিনিট আগে, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ
ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। তবে বর্তমানে ভারতও একইভাবে সুসম্পর্ক চায়, এমন দৃশ্যমান কোনো উদ্যোগ এখনো দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্পিকার।
তিনি বলেন, ‘আমরা আশা করব, ভারতের সাথে আমাদের সুসম্পর্ক রাখা দরকার। কিন্তু এখন পর্যন্ত তারাও যে সুসম্পর্ক চায় তেমন কিছু দেখা যাচ্ছে না। কেবলমাত্র দুই দেশের কূটনৈতিক পর্যায়ে কথাবার্তা চালাচালি হচ্ছে।’
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের বিষয়ে স্পিকার বলেন, ‘ভারত এবং বাংলাদেশের মধ্যে সৎ প্রতিবেশীসুলভ সমমর্যাদার ভিত্তিতে আমাদের এই সম্পর্ক আমরা চাই।’
অতীতে আওয়ামী লীগ সরকারের সময়ে দুই দেশের সম্পর্কের ধরন নিয়েও কথা বলেন হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘অতীতে আওয়ামী লীগ আমলে যে সম্পর্ক ছিল বাংলাদেশের সাথে ভারতের, পররাষ্ট্রমন্ত্রী(তৎকালীন) বলেছেন যে, আমাদের মধ্যে স্বামী-স্ত্রীর সম্পর্ক। আমরা সেই স্বামী-স্ত্রীর সম্পর্ক চাই না।’
স্পিকার আরও বলেন, ‘সমমর্যাদার ভিত্তিতে একটা সার্বভৌম, দুটি সার্বভৌম রাষ্ট্রের মধ্যে মর্যাদার ভিত্তিতে যে সম্পর্ক থাকা উচিত, আমরা সেই ধরনের সম্পর্কই চাই। আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। বাংলাদেশ সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে চায়।’
ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি বলেও অভিযোগ করেন তিনি। এ প্রসঙ্গে স্পিকার বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে একজন প্রধানমন্ত্রী হিসেবে তো তারা এখনো ইনভাইট করেনি।’
বাংলাদেশের পক্ষ থেকেও ভারতের বিষয়ে কিছু আপত্তি রয়েছে উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘আরেকটা জিনিস বাংলাদেশেও ভারতের ব্যাপারে তাদের কিছু কিছু রিজার্ভেশন আছে, বিশেষ করে পতিত সরকারের প্রধানমন্ত্রীকে তারা আশ্রয় দিয়েছেন এবং সেখানে বসে রাজনীতি করার তাদের সুযোগ দিয়েছেন, যা সৎ প্রতিবেশীসুলভ আচরণ বলে আমরা মনে করি না।’
মন্তব্য করুন