আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৩১ আগষ্ট, ২০২৬, ১০:২৯ এ এম

অনলাইন সংস্করণ

'আমরা যুদ্ধ চাই না, তবে হামলা হলে চুপ থাকব না': পেজেশকিয়ান

ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার পর প্রথমবারের মতো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান কোনো যুদ্ধ চায় না, তবে কোনো ধরনের আগ্রাসনের মুখে দেশটি চুপ করে বসে থাকবে না।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্সের বরাতে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে অনুষ্ঠিতব্য সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে এই কড়া প্রতিক্রিয়া জানান ইরানি প্রেসিডেন্ট।

এর আগে, ইরানের লারাক দ্বীপে ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর দুটি রকেট লাঞ্চারে বোমাবর্ষণ করে যুক্তরাষ্ট্র। এর পরপরই কঠোর প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ‘কিং হুসেইন’ ও ‘আল আজরাক’-এ ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় আইআরজিসি। এক বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, তাদের এই হামলায় মার্কিন ঘাঁটিগুলোর প্রযুক্তিগত অবকাঠামো এবং বিমান উড্ডয়ন স্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

পরিস্থিতির ভয়াবহতা উল্লেখ করে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, "ইরানের ওপর হামলা হলে আগ্রাসনকারীদের কঠোর ও সিদ্ধান্তমূলক জবাব দেওয়া হবে। তবে এই অঞ্চলে অস্থিতিশীলতা ও অশান্তি কোনো দেশের স্বার্থ বয়ে আনবে না; বরং এটি শেষ পর্যন্ত সব দেশের জন্যই বড় চ্যালেঞ্জ তৈরি করবে।"

আমেরিকা ও ইরানের এই মুখোমুখি অবস্থান এবং পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের সার্বিক নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে তীব্র উত্তেজনার দিকে ঠেলে দিয়েছে।

মন্তব্য করুন