স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২ মিনিট আগে, ১১:২১ এ এম

অনলাইন সংস্করণ

মেসির পর স্কালোনির ভবিষ্যৎ নিয়ে তোলপাড় আর্জেন্টিনা ফুটবল

লিওনেল মেসির জাতীয় দল থেকে বিদায় নেওয়ার পর আর্জেন্টিনা ফুটবলকে ঘিরে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা ও একের পর এক প্রশ্ন। দিয়েগো ম্যারাডোনার অবসরের পর যেমন কঠিন এক সন্ধিক্ষণে দাঁড়িয়েছিল আলবিসেলেস্তারা, মেসির বিদায় সেই পুরনো ইতিহাস ও বড় প্রশ্নকেই সামনে এনে দাঁড় করিয়েছে। তবে মেসির অবসরের পরেই নতুন আলোচনা—আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো সফল কোচ লিওনেল স্কালোনি কি দায়িত্বে থাকছেন, নাকি তিনিও বিদায় নেবেন?

সম্প্রতি স্পেনের কাছে ফাইনাল হারের পর পদত্যাগের এক সুনির্দিষ্ট ইঙ্গিত দিয়েছিলেন স্কালোনি। সে সময় তিনি জানিয়েছিলেন, ‘আমি ডিসেম্বর পর্যন্ত থাকব। এরপর সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে কথা বলব। আমার ইচ্ছা একটু বিশ্রাম নেওয়া এবং থেমে যাওয়া।’ পরবর্তীতে মেসির অবসরের খবর আসায় পরিস্থিতি অনেকটাই জটিল হয়ে পড়েছে।

যদিও স্কালোনির চুক্তি চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত রয়েছে। এই সময়ের মধ্যে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরের ফিফা উইন্ডোতে দলকে সামলানোর দায়িত্ব তাঁর কাঁধেই থাকছে। আগামী রবিবার স্কালোনিকে নতুন স্কোয়াডের প্রাথমিক তালিকা দিতে হবে, যেখানে দীর্ঘ বহু বছর পর প্রথমবার লিওনেল মেসির নাম থাকছে না।

মেসির বিদায়ের পর কোচের পদ নিয়ে স্কালোনির সুর আগের চেয়ে কিছুটা নরম হয়েছে বলেই তাঁর ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে। মায়োর্কায় শান্ত জীবনযাপন করা স্কালোনি জাতীয় দলের দায়িত্বেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। এর আগে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, "আমি যে জায়গায় আছি, সেটা স্বপ্নের মতো একটা জায়গা। যেদিন চলে যাব, সেদিন আফসোস করব।"

ফুটবল বিশ্লেষকদের মতে, ২০১৮ সালের বিশ্বকাপের মতো এবার শূন্য থেকে শুরু করতে হচ্ছে না, কারণ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দলের একটি শক্তিশালী ভিত্তি তৈরি আছে। তবুও স্কালোনি দায়িত্ব ছেড়ে দিলে তা হবে আর্জেন্টিনার জন্য দ্বিতীয় বড় ধাক্কা। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তাই আশা করছে, মেসির বিদায়ের পর আরেক 'লিওনেল' যেন দল ছেড়ে না যান, এবং স্কালোনির সঙ্গেই নতুন চুক্তির পথ সুগম হবে।

মন্তব্য করুন