প্রকাশিত: ২৪ মিনিট আগে, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ
লিঙ্গ পরিবর্তনের পর অবশেষে বাইশ গজে ফেরার আনুষ্ঠানিক স্বীকৃতি পেলেন অনয়া বাঙ্গার। ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের এই সন্তান, যিনি ছেলে থেকে মেয়ে হয়েছেন, তাকে নারীদের বিগ ব্যাশ লিগে (ডব্লিউবিবিএল) খেলার অনুমতি দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
এখন তার লক্ষ্য আরও বড়, জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়ে ভারতকে বিশ্বকাপ ট্রফি উপহার দেওয়া। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখনো তাকে খেলার অনুমতি দেয়নি। অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের সবুজ সংকেত পাওয়ার পর নিজের অধরা স্বপ্নের কথা অকপটে জানিয়েছেন অনয়া।
ইন্ডিয়া টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘আমি আশা করব বিসিসিআই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে এবং একদিন ভারতের নারী দলে খেলার সুযোগ পাব। দেশের হয়ে বিশ্বকাপ জেতাই আমার চূড়ান্ত লক্ষ্য।’
তবে রূপান্তরিত হওয়ার পর বিসিসিআইয়ের নীরব ভূমিকা তাকে গভীরভাবে ব্যথিত করেছে। ভারতীয় বোর্ডের সমালোচনা করে অনয়া বলেন, ‘বোর্ড শুরু থেকেই আমার প্রতি নীরব ছিল। এতে ভীষণ হতাশ হয়েছি, মন ভেঙে গেছে। জানতাম রূপান্তরিত হলে ক্রিকেট থেকে দূরে সরে যেতে হতে পারে। তবে আশা করি, এবার তারা আমাদের মতো ক্রিকেটারদের নিয়ে নতুন নীতি তৈরি করবে, কারণ ভারতে আমিই প্রথম।’
মন্তব্য করুন