প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে ঘিরে নতুন করে ছড়ানো বিয়ের গুঞ্জন স্পষ্ট ভাষায় নাকচ করে দিয়েছেন তিনি নিজেই। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে চাউর হয় যে, যুক্তরাষ্ট্রে প্রবাসী নিজের চেয়ে কম বয়সি এক যুবককে বিয়ে করেছেন প্রভা। তবে এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে নিশ্চিত করেছেন তিনি।
ব্যক্তিগত জীবনকে প্রচারের আড়ালে রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করা এই অভিনেত্রীর সম্পর্কের গুঞ্জন নতুন নয়। গত কয়েক মাস ধরেই তার যুক্তরাষ্ট্র ও বিভিন্ন দেশ ভ্রমণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বেশ কিছু রহস্যময় পোস্ট কেন্দ্র করে গুঞ্জনের ডালপালা মেলে।
চলতি বছরের এপ্রিলে অনামিকায় হীরার আংটি পরা ছবি প্রকাশের পর প্রথম তার বাগদানের চর্চা শুরু হয়। এর আগে জানুয়ারিতে এক ফেসবুক লাইভে প্রভা নিজের ব্যক্তিগত জীবনে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপের সমালোচনা করে বলেছিলেন, বিয়ে একটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় এবং জীবনে যা ঘটার তা যথাসময়েই ঘটবে।
পরবর্তী সময়ে জুন মাসে এক বিশেষ ভিডিও বার্তায় নারীদের বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে না জড়ানোর পরামর্শ দেন তিনি। প্রভার এই মন্তব্যটির সময়কাল নিয়েও শোবিজে জল্পনা তৈরি হয়, কারণ সে সময় এক পরিচিত কার রিভিউয়ারের সঙ্গে তার নাম জড়িয়ে আলোচনা চলছিল।
এছাড়া জুন মাসে নেপাল ভ্রমণের সময় প্রভার কিছু ছবি ও ভিডিও পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতুহল তৈরি করে। এর মধ্যে এক ছবিতে 'আই লাভ ইউ' লেখা বেলুন এবং অন্য একটি ছবিতে এক পুরুষের হাতের দিকে হাত বাড়িয়ে রাখার দৃশ্য পরিলক্ষিত হয়, যদিও পরবর্তীতে ছবিটি মুছে ফেলা হয়। সম্প্রতি গত ৩১ জুলাইও সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তা শেয়ার করেন এই অভিনেত্রী, যেখানে অনুল্লেখিত কাউকে উদ্দেশ্য করে আবার দেখা হওয়ার দিন গোনার কথা লেখেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমের এসব বিচ্ছিন্ন পোস্ট ও ভ্রমণের সূত্র ধরে বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়লেও, প্রভা নিজেই সাফ জানিয়ে দিয়েছেন যে তৃতীয় বিয়ে বা নতুন কোনো সম্পর্কে আবদ্ধ হওয়ার এসব খবর নিছকই গুজব।
মন্তব্য করুন