তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৫:২৮ পিএম

অনলাইন সংস্করণ

ভারত সফর ও সম্পর্কের সমতা নিয়ে মুখ খুললেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ঢাকা ও নয়াদিল্লি যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছেন নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সফরটি দুই দেশের সুনির্দিষ্ট কূটনৈতিক সমন্বয়ের মাধ্যমে চূড়ান্ত করা হবে বলে উল্লেখ করেছেন তিনি।

সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টনের পর নিজ দফতরে এসে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী এসব কথা জানান।

প্রধানমন্ত্রীর ভারত সফরের সূচি প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, সফর নিয়ে দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা ও কার্যক্রম চলমান রয়েছে। বাংলাদেশ ও ভারতের পারস্পরিক কূটনৈতিক সুবিধা বিবেচনা করে উভয় দেশের সর্বসম্মতিক্রমে সফরের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করা হবে।

সম্প্রতি বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের দেওয়া সাম্প্রতিক বক্তব্যকে ইতিবাচক ও গঠনমূলক হিসেবে দেখছেন বলে জানান প্রতিমন্ত্রী।

পররাষ্ট্র নীতি ও আন্তর্জাতিক সম্পর্কের মূল দর্শন তুলে ধরে হুমায়ুন কবির স্পষ্ট করেন যে, বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষা নিশ্চিত করে বৈশ্বিক কূটনীতিতে একটি ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রাখাই হবে সরকারের মূল অগ্রাধিকার। পাশাপাশি দুই দেশের মধ্যকার যেকোনো দ্বিপক্ষীয় সম্পর্ক ও অংশীদারিত্ব অবশ্যই সমতা, পারস্পরিক সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে পরিচালিত হবে বলে পুনর্ব্যক্ত করেন তিনি।

মন্তব্য করুন