তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৪৯ মিনিট আগে, ০৪:১০ পিএম

অনলাইন সংস্করণ

দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কড়া ব্যবস্থার নেওয়া হবে: রিজভী

দলের পরিচয় ব্যবহার করে অপকর্ম ও বিশৃঙ্খলায় লিপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি স্পষ্ট জানিয়েছেন, গত ৫ আগস্টের পর থেকে যে বা যারাই দলের নাম ভাঙিয়ে অনিয়মে যুক্ত হয়েছে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তাদের বিরুদ্ধে ইতিপূর্বে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছেন এবং এই অবস্থান অব্যাহত থাকবে।

সোমবার দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী এসব কথা বলেন। তিনি বলেন, দলের নাম ভাঙিয়ে অন্যায় কাজ কোনোভাবেই বরদাশত করা হবে না। নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রেখে জনকল্যাণমুখী ও গঠনমূলক কাজে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান তিনি।

বিএনপির সামাজিক ও রাজনৈতিক ভিত্তি প্রসঙ্গে রিজভী উল্লেখ করেন, জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সময়কাল থেকেই দলীয় নীতি জনকল্যাণভিত্তিক। বিশেষ করে নারীর ক্ষমতায়ন এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে তাদের গৃহীত পদক্ষেপ বিএনপির প্রান্তিক জনপ্রিয়তা তৈরি করেছে। তারই ধারাবাহিকতায় তারেক রহমান নতুন কিছু কর্মসূচি বাস্তবায়ন করছেন, যা সাধারণ জনগণের মধ্যে ব্যাপক সমাদৃত হয়েছে।

বিভিন্ন রাজনৈতিক ষড়যন্ত্র ও অপপ্রচারের মধ্যেও দলের জনপ্রিয়তা অক্ষুণ্ণ রয়েছে দাবি করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, বিভিন্ন রাজনৈতিক সমীক্ষা ও জরিপে এখনো বিএনপির জনপ্রিয়তা ৫৪ থেকে ৫৬ শতাংশের কোঠায় অবস্থান করছে। অন্যদিকে ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা ৬৫ থেকে ৬৬ শতাংশের মতো উচ্চপর্যায়ে রয়েছে।

তিনি আরও বলেন, জনগণের পক্ষে, তাদের স্বার্থ ও অধিকার রক্ষায় কাজ করলে যেকোনো দলের সরকার সফল হতে বাধ্য। এমন সরকার ব্যর্থ হয় না, বরং জনগণের কাছে সমাদৃত হয়ে দেশ পরিচালনা করতে পারে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, ইউনিয়ন, উপজেলা, থানা ও জেলা পর্যায়ের দায়িত্বশীল নেতারা সার্বিক পরিস্থিতি যাচাই-বাছাই করে নির্বাচনে যোগ্য প্রার্থীকে সমর্থন দেবেন। যেহেতু এবার দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে না, সেহেতু দলের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে দলীয় সমর্থিত প্রার্থীর পক্ষে অবস্থান নিতে হবে। সঠিক সমর্থনের মাধ্যমে দলীয় সমর্থিত প্রার্থীরা নির্বাচনে জয়লাভ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন