তথ্য ও প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ১২:০৫ পিএম

অনলাইন সংস্করণ

টাকা পাঠানোর সুবিধা আনছে টিকটক, উন্নয়ন পর্যায়ে নতুন ফিচার

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ব্যবহারকারীদের জন্য সরাসরি বার্তার মাধ্যমে অর্থ লেনদেনের নতুন সুবিধা চালুর পরিকল্পনা করছে। নতুন এই ফিচার চালু হলে ব্যবহারকারীরা ডাইরেক্ট মেসেজ পাঠানোর সময় একে অপরকে সহজেই টাকা পাঠাতে পারবেন।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, টিকটকের নিজস্ব পেমেন্ট সিস্টেম ব্যবহার করে এই লেনদেনের সুযোগ দেওয়া হবে। আইফোনের জন্য টিকটক অ্যাপের সর্বশেষ সংস্করণের কোড বিশ্লেষণে এই ফিচারের অস্তিত্বের তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদন অনুযায়ী, কেউ টাকা পাঠালে প্রাপক একটি নির্দিষ্ট বোতামে চাপ দিয়ে তা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি অর্থ পাঠানোর সঙ্গে ছোট বার্তাও যুক্ত করার সুবিধা থাকবে, যা ব্যবহারকারীদের যোগাযোগকে আরও সহজ করবে।

তবে টিকটক জানিয়েছে, এই সুবিধাটি এখনো আনুষ্ঠানিকভাবে চালু করা হয়নি। ফলে এটি কবে নাগাদ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সূচি প্রকাশ করা হয়নি।

বর্তমানে টিকটকের পেমেন্ট ব্যবস্থা দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশে টিকটক শপের মাধ্যমে কেনাকাটার ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। নতুন ফিচার চালু হলে একই প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা নিজেদের মধ্যেও অর্থ লেনদেন করতে পারবেন।

আর্থিক খাতে টিকটকের আগ্রহ নতুন নয়। চলতি বছরের মার্চে একটি প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলে ঋণ ও অর্থ লেনদেনসংক্রান্ত সেবা চালুর লক্ষ্যে আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে কাজ করার অনুমতি চেয়েছে কোম্পানিটি।

বিশ্লেষকদের মতে, নতুন এই সুবিধা চালু হলে ডিজিটাল পেমেন্ট সেবার বাজারে নতুন প্রতিযোগিতা তৈরি হতে পারে। বিশেষ করে ভেনমো ও জেলের মতো প্ল্যাটফর্মগুলোর সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামতে পারে টিকটক।

সামাজিক যোগাযোগমাধ্যমের বাইরেও টিকটক ধীরে ধীরে নিজেদের সেবার পরিধি বাড়াচ্ছে। উন্নত সার্চ সুবিধা, অনলাইন কেনাকাটা, ম্যাপভিত্তিক সেবা, গেমিং ও হোটেল বুকিংয়ের পর এবার অর্থ লেনদেন খাতেও প্রবেশের প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি।

তবে ফিচারটি এখনো উন্নয়ন পর্যায়ে থাকায় এটি বিশ্বব্যাপী চালু হবে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন