প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ১০:৪৯ এ এম
অনলাইন সংস্করণ
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। গাজায় ত্রাণবাহী বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে কেন্দ্র করে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক জানিয়েছেন, একই মামলায় ইসরাইলি নাগরিক আফেক মস্কোভিচের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ইস্তাম্বুলের ১১তম হাই ক্রিমিনাল কোর্টে চলমান ২০২৬/১০৮ নম্বর এই মামলায় মোট ৩৫ জন আসামি রয়েছেন।
তুরস্কের বিচার মন্ত্রণালয় দুই আসামির বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট নথিপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে।
গুরলেক জানান, গত ১৪ জুলাই নেতানিয়াহু ও মস্কোভিচের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে পরোয়ানা জারি করা হয়। মামলাটি আন্তর্জাতিক জলসীমায় গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাওয়া বেসামরিক বহরের ওপর কথিত সশস্ত্র অভিযান এবং পরবর্তী সময়ে কর্মীদের আটক করার ঘটনাকে কেন্দ্র করে করা হয়েছে।
তুরস্কের তদন্তে ফ্লোটিলাটি জব্দ করা এবং ত্রাণকর্মীদের আটকের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। মামলায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ ছাড়াও স্বাধীনতা হরণ, ইচ্ছাকৃতভাবে আহত করা, নির্যাতন, সম্পদের ক্ষতিসাধন, ছিনতাই এবং পরিবহণযান দখলের মতো একাধিক অভিযোগ আনা হয়েছে।
বিচারমন্ত্রী বলেন, আসামিদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম চলমান রয়েছে এবং এ ঘটনায় তুরস্ক প্রয়োজনীয় সব আইনি পদক্ষেপ অব্যাহত রাখবে। তিনি আরও জানান, ফিলিস্তিনি জনগণের পাশে থেকে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের জবাবদিহির আওতায় আনতে তুরস্ক প্রতিশ্রুতিবদ্ধ।
মন্তব্য করুন