আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ০৯:২৩ এ এম

অনলাইন সংস্করণ

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ অর্থনৈতিক যুদ্ধ’: তেহরান

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে ‘অবৈধ অর্থনৈতিক যুদ্ধ’ আখ্যা দিয়ে এটিকে সব দেশের বিরুদ্ধেই এক ধরনের ‘যুদ্ধ ঘোষণা’ বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই।

কাতারভিত্তিক সংবাদমাধ্যমের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বাঘেই অভিযোগ করেন—নতুন নিষেধাজ্ঞার মাধ্যমে যুক্তরাষ্ট্র বিশ্বের স্বাধীন ও জাতিসংঘের সদস্য দেশগুলোর ওপর নিজেদের আইন ও কর্তৃত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।

তিনি বলেন, কোনো দেশের সরকারই বিদেশি ব্যাংক, ব্যবসাপ্রতিষ্ঠান বা বিমানবন্দরকে অন্য কোনো দেশের সঙ্গে বৈধ বাণিজ্য বন্ধ করতে বাধ্য করার অধিকার রাখে না। এসব প্রতিষ্ঠান নিজ নিজ দেশের আইন ও সার্বভৌম ব্যবস্থার অধীনে পরিচালিত হয়।

ইরানের এই মুখপাত্র আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের আরোপ করা তথাকথিত ‘সেকেন্ডারি নিষেধাজ্ঞা’র আন্তর্জাতিক আইনে কোনো ভিত্তি নেই। তার মতে, এসব পদক্ষেপ জাতিসংঘ সনদের সমান সার্বভৌমত্বের নীতিরও লঙ্ঘন।

বাঘেই অর্থনৈতিক চাপকে ‘আন্তর্জাতিক অপরাধ ও বেআইনি কর্মকাণ্ড’ হিসেবে উল্লেখ করে বলেন, নিষেধাজ্ঞার পাশাপাশি যদি নৌ অবরোধ আরোপ করা হয়, তাহলে তা অন্যান্য দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে।

তিনি সতর্ক করে বলেন, এ ধরনের চাপের কাছে নতি স্বীকার করলে জাতীয় সার্বভৌমত্ব দুর্বল হয়ে পড়বে এবং বিশ্ব আবারও প্রকাশ্য ঔপনিবেশিকতার দিকে ফিরে যেতে পারে।

মন্তব্য করুন