শাহাদাত হোসাইন

প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ০৬:১৭ পিএম

অনলাইন সংস্করণ

ফ্যাসিস্ট সরকারের সময়ে অনিয়মে স্বাস্থ্যখাত ভেঙে পড়েছিল: স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় স্বাস্থ্যখাতে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও অর্থ লুটপাটের কারণে স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়েছিল। বর্তমান সরকার সেই পরিস্থিতি থেকে স্বাস্থ্যসেবা পুনরুদ্ধারের চেষ্টা করছে।

বুধবার (১৭ জুন) সকাল ১০টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বিভাগ এবং রান্নাঘর পরিদর্শন করেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে মন্ত্রী রোগীদের জন্য সরবরাহ করা খাবারের মানও যাচাই করেন। হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করলেও অপরিচ্ছন্নতা এবং রোগীদের ব্যবহৃত বাথরুমের অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

তিনি বলেন, জনগণের কল্যাণে নতুন হাসপাতাল স্থাপন, আধুনিক যন্ত্রপাতি ক্রয় এবং জনবল নিয়োগের মাধ্যমে স্বাস্থ্যখাতে গতি আনা হবে।

কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ অনিয়ম এবং ফলাফল স্থগিতের বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের বিভিন্ন জেলায় অনিয়ম হয়েছে, সেগুলো বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়া হবে।

কুষ্টিয়া মেডিকেল কলেজ প্রসঙ্গে তিনি জানান, আগামী তিন মাসের মধ্যে এটি পূর্ণাঙ্গভাবে চালু করার নির্দেশ দেওয়া হয়েছে এবং যন্ত্রপাতি সচল করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

পরিদর্শন শেষে তিনি বলেন, জনগণের কাছে দায়বদ্ধ নেতৃত্ব না থাকায় অতীতে অনেক সমস্যা তৈরি হয়েছিল। বর্তমান সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত এবং প্রধানমন্ত্রীর নির্দেশে জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করছে।

এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন