তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১৪ জুন, ২০২৬, ১২:০৫ পিএম

অনলাইন সংস্করণ

চট্টগ্রামের আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ বাড়িতে ঢুকে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (রাত) পরৈকোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন—পূর্ব কন্যারা গ্রামের চেনামতি বড়ুয়া পাড়ার বাসিন্দা এনি বড়ুয়া (৪০) এবং তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)।

পুলিশ জানায়, রাতে অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মা-মেয়েকে হত্যা করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

হামলার সময় এনি বড়ুয়ার পাঁচ বছর বয়সী ছেলেও আহত হয়। তবে তার অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম জেলার সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মাহমুদুল হাসান জানান, নিহত এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া চট্টগ্রাম শহরে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত। তিনি শহরে থাকতেন, আর এনি সন্তানদের নিয়ে গ্রামে বসবাস করতেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। বিশেষ করে এক নিকটাত্মীয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলছিল বলে স্বজনদের দাবি।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িত সন্দেহভাজনদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন