প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ১২:১৯ পিএম
অনলাইন সংস্করণ
জেমস বন্ড সিরিজের পরবর্তী ছবিতে সম্ভাব্য নায়িকাদের তালিকায় জায়গা পেয়েছেন দক্ষিণ কোরীয় অভিনেত্রী জং হো-ইয়ন। যুক্তরাষ্ট্রের ফ্যাশন সাময়িকী ভোগ প্রকাশিত ৪৫ জনের এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন ‘স্কুইড গেম’ সিরিজ দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া অভিনেত্রী।
পরবর্তী জেমস বন্ড হিসেবে অভিনেতা রবার্ট প্যাটিনসনের নাম ঘোষণার পর থেকেই নতুন ছবিতে তাঁর বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। এবার ভোগের সম্ভাব্য নায়িকাদের তালিকায় জং হো-ইয়নের নাম আসায় সেই আলোচনা আরও জোরালো হয়েছে।
রোববার প্রকাশিত তালিকায় জং হো-ইয়নের অভিনয়ের প্রশংসা করেছে সাময়িকীটি। বিশেষ করে ‘স্কুইড গেম’ সিরিজে তাঁর অভিনয় এবং পরিচালক না হং-জিনের ‘হোপ’ ছবিতে তাঁর উপস্থিতির কথা উল্লেখ করেছে ভোগ।
সাময়িকীটির মতে, নতুন জেমস বন্ড ছবির গল্প এশিয়ায় বিস্তৃত হলে নায়িকা হিসেবে জং হো-ইয়ন হতে পারেন দারুণ পছন্দ। তবে এটি ভোগের নিজস্ব সম্ভাব্য তালিকা। তাঁকে বন্ডকন্যার চরিত্রে নেওয়ার বিষয়ে এখনো কোনো ঘোষণা দেয়নি ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান অ্যামাজন এমজিএম স্টুডিওস।
২০২১ সালে নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘স্কুইড গেম’-এর প্রথম মৌসুমে অভিনয় করে আন্তর্জাতিক পরিচিতি পান জং হো-ইয়ন। সিরিজটিতে উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা কাং সে-বিয়ক চরিত্রে অভিনয় করেন তিনি। এরপর যুক্তরাষ্ট্রের নির্মাতা আলফনসো কুয়ারনের ‘ডিসক্লেইমার’ সিরিজেও দেখা গেছে তাঁকে।
চলতি বছর না হং-জিন পরিচালিত ‘হোপ’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে জং হো-ইয়নের। ছবিটি কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসরের প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে।
ভোগের তালিকায় জং হো-ইয়ন ছাড়াও রয়েছেন মার্গারেট কোয়ালি, জেনডায়া ও ফ্লোরেন্স পিউয়ের মতো অভিনেত্রীরা। এর আগে জেমস বন্ড সিরিজে এশীয় অভিনেত্রীদের অভিনয়ের নজির রয়েছে। ১৯৯৭ সালে ‘টুমরো নেভার ডাইস’ ছবিতে বন্ডের বিপরীতে অভিনয় করেন মালয়েশীয় অভিনেত্রী মিশেল ইয়ো।
তবে এখন পর্যন্ত কোনো কোরীয় অভিনেত্রী বন্ডকন্যার চরিত্রে অভিনয় করেননি। জং হো-ইয়ন এই চরিত্রে সুযোগ পেলে তিনিই হবেন প্রথম কোরীয় অভিনেত্রী।
জেমস বন্ড সিরিজের ২৬তম ছবিতে বন্ড চরিত্রে অভিনয় করবেন রবার্ট প্যাটিনসন। ছবিটি পরিচালনা করবেন ‘ডিউন’ সিরিজের নির্মাতা ডেনিস ভিলনভ। এর চিত্রনাট্য লিখছেন ‘পিকি ব্লাইন্ডার্স’ সিরিজের স্রষ্টা স্টিভেন নাইট।
কে এই জং হো-ইয়ন
১৯৯৪ সালের ২৩ জুন দক্ষিণ কোরিয়ার সিউলে জন্মগ্রহণ করেন জং হো-ইয়ন। অভিনয়ে আসার আগে মডেল হিসেবে পরিচিতি পান তিনি। মাত্র ১৬ বছর বয়সে মডেলিং শুরু করেন। ২০১৩ সালে ‘কোরিয়াস নেক্সট টপ মডেল’ প্রতিযোগিতার চতুর্থ আসরে দ্বিতীয় স্থান অর্জন করেন। এরপর আন্তর্জাতিক ফ্যাশনজগতে কাজের সুযোগ পান।
লুই ভিতোঁ, শ্যানেল, ফেন্ডি ও মিউ মিউয়ের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের হয়ে মডেলিং করেছেন তিনি। ২০২১ সালে ‘স্কুইড গেম’ দিয়ে অভিনয়ে অভিষেক হয় তাঁর। এই সিরিজে অভিনয়ের জন্য ২০২২ সালে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড (এসএজি) পুরস্কারে টেলিভিশন নাটক বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পান জং হো-ইয়ন। এরপর হলিউডেও কাজের সুযোগ তৈরি হয় তাঁর।
মন্তব্য করুন