তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৩:২৩ পিএম

অনলাইন সংস্করণ

তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসছে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির প্রতিনিধি দল

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামীকাল সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে দলটির চার সদস্যের একটি প্রতিনিধিদল। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা ও দেশের বিভিন্ন স্থানে সহিংসতার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক ঐক্য গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

দুপুরে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদল অংশ নেবে। যুক্তরাজ্য সফরে থাকা নাহিদ ইসলাম আজ রোববার বিকেলে দেশে ফিরবেন। এরপর তাঁর সঙ্গে আলোচনা করে প্রতিনিধিদলের অন্য সদস্যদের নাম চূড়ান্ত করা হবে বলে এনসিপি সূত্রে জানা গেছে।

এ বৈঠকের মধ্য দিয়ে জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ শুরু হতে যাচ্ছে। জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশনে এসব রাজনৈতিক দলকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের অন্যতম সদস্য ও দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার শনিবার দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানান, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ২৩ নভেম্বর এনসিপির একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে সাক্ষাৎ করবে।

বার্তায় বলা হয়, প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে ইতিবাচক হিসেবে নিয়েছে এনসিপি। তবে দলটির মতে, জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচার।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা এবং দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৃহত্তর ঐক্য গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার।

এর অংশ হিসেবে গত বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমে বৈঠক হয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের। তবে তিনি বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন। ২৬ নভেম্বর দেশে ফেরার পর ২৭ বা ২৮ নভেম্বর জামায়াতের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াতের এক নেতা বলেন, ‘সব দলকে নিয়ে আলোচনায় বসার ক্ষেত্রে আমাদের বক্তব্য হলো, একটি অভিন্ন ভিত্তি বা রেফারেন্স পয়েন্ট থাকতে হবে। সেই ভিত্তি হবে জুলাই সনদ ও গণভোট। এ বিষয়ে সবাই ইতিবাচক অবস্থান নিলে অন্য বিষয়গুলোর সমাধান সহজ হয়ে যাবে।’

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে প্রধানমন্ত্রী প্রথমে জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন। পরে সব দলকে নিয়ে সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হতে পারে।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে এনসিপির সঙ্গে যোগাযোগ করেছেন হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। দলটির নেতারা জানিয়েছেন, বৈঠকে তাঁরা জুলাই গণ-অভ্যুত্থানের পর যেসব কারণে রাজনৈতিক ঐক্য নষ্ট হয়েছে, সেসব বিষয় প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরবেন।

এ ছাড়া বিএনপির নেতা-কর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আশ্রয় দিচ্ছেন বলে যে অভিযোগ রয়েছে, সেটিও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন এনসিপির নেতারা। একই সঙ্গে গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়নসহ দলটির পাঁচ দফা দাবির বিষয়েও আলোচনা করবেন তাঁরা।

 

মন্তব্য করুন